আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামীতে দুরন্ত ব্যাটং করলেন সরফরাজ খান। ১৫০ রান করলেন তিনি। সেই সঙ্গে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের প্রশংসাও পেলেন। সঞ্জয় মঞ্জরেকর তরুণ ক্রিকেটার সরফরাজকে প্রাক্তন পাক কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের সঙ্গে তুলনা করলেন। ২০২৪ সালের জাভেদ মিয়াঁদাদ এই সরফরাজ। 

জাভেজ মিয়াঁদাদ নামটা যতবার উচ্চারিত হবে, ততবার শারজায় চেতন শর্মার শেষ বলে ছক্কা হাঁকানোর কথা মনে পড়বে সবার। ওই ছক্কা ভারতের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। তার পর থেকে যতবারই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছে, ততবারই ভারতকে হারতে হয়েছিল। পরে অবশ্য ইতিহাসের চাকা বদলে যায়। 

পাকিস্তানের সেই গ্রেট ব্যাটারের সঙ্গে সরফরাজের তুলনা টেনে সঞ্জয় মঞ্জরেকর বলেন, ''সরফরাজকে দেখে আশির দশকের মিয়াঁদাদের কথা আমার মনে পড়ে যাচ্ছে। কিন্তু এখন ২০২৪ সাল। সরফরাজ ২০২৪ সালের মিয়াঁদাদ ভার্সন।'' 

চিন্নাস্বামীতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তিনটি টেস্ট ম্যাচ খেলেছিলেন সরফরাজ। চতুর্থ টেস্টে তিনি সেঞ্চুরি পান। মঞ্জরেকর বলেন, ''সরফরাজ যেভাবে খেলেছে, তাতে আমি সত্যিই মুগ্ধ। আমরা সবাই জানি স্পিন খুব ভাল খেলে সরফরাজ। কিন্তু ফাস্ট বোলারদের যেভাবে খেলল তাতে আমার বেশ ভাল লেগেছে।'' 

উল্লেখ্য, টেস্ট ও ওয়ানডে মিলিয়ে মিয়াঁদাদের সংগ্রহ ১৬ হাজার আন্তর্জাতিক রান। 

প্রথম ইনিংসে ডাক দেখেন সরফরাজ। ভারত ধসে গিয়েছিল ৪৬ রানে। শুভমান গিলের পরিবর্তে চিন্নাস্বামীতে নামেন তিনি। সরফরাজের জন্যই বিরাট কোহলি নিজের পছন্দের চার নম্বর জায়গা ছেড়ে দেন সরফরাজকে। সেই সরফরাজ দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠলেন। প্রশংসিতও হলেন।