আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলার পর এবার ঘরোয়া ক্রিকেটে ফিরছেন সঞ্জু স্যামসন। কেরলের হয়ে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডে খেলবেন তারকা ক্রিকেটার। ১৮ অক্টোবর থেকে শুরু হবে এই পর্ব। শুক্রবার আলুরে কর্ণাটকের বিরুদ্ধে নামবে কেরল। সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান পি প্রশান্তকে ফোন করে নিজেই খেলার ইচ্ছাপ্রকাশ করেন সঞ্জু। তিনি জানান, 'সঞ্জু আমাকে ফোন করে খেলার কথা জানায়। আলুরে কর্ণাটকের বিরুদ্ধে পরের ম্যাচে খেলবে।' পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতেছিল কেরল। সঞ্জুর অন্তর্ভুক্তিতে দল আরও শক্তিশালী হল। 

শচীন বেবির নেতৃত্বে খেলতে হবে সঞ্জুকে। মরশুমের শুরুতে তাঁকে অধিনায়ক ঘোষণা করা হয়। প্রশান্ত বলেন, 'এখনও পর্যন্ত কর্ণাটকের বিরুদ্ধে খেলবে সঞ্জু। ভবিষ্যতে ওকে পাওয়া যাবে কিনা নির্ভর করবে ভারতীয় দলের সূচির ওপর। সেই কারণেই শচীন বেবিই দল পরিচালনা করবে।' সম্প্রতি দলীপ ট্রফিতে খেলেন সঞ্জু। শতরানও করেন। উইকেটকিপারের ভূমিকায় দেখা যায় তাঁকে। তবে কেরলের হয়ে তাঁকে উইকেটের পেছনে দেখা যাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। দলের কোচ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রঞ্জিতে বাংলার গ্রুপে রয়েছে কেরল।