আজকাল ওয়েবডেস্ক: অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। আয়ূষ মাত্রে। স্বয়ং শচীন তেন্ডুলকারের থেকে উপহার পেয়েছে সে! সঙ্গে বিশেষ বার্তা।
এটা ঘটনা, দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা পাচ্ছে অনূর্ধ্ব–১৯ ভারতীয় দল। আর আয়ুষ আমন্ত্রণ পেয়েছিল একেবারে মাস্টার ব্লাস্টারের বাড়িতে। সেখানে সপরিবারে গিয়ে শুধু উপহার পেলেন না, পেলেন আশীর্বাদ ও ভবিষ্যতে সফল হওয়ার মন্ত্র।
ছোটদের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে একেবারে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। জয় এসেছে ১০০ রানে। বৈভব সূর্যবংশী ১৭৫ রানের ইনিংস খেলে। টুর্নামেন্ট জুড়ে ভাল পারফর্ম করেছে আয়ূষও। এরপর আইপিএলে নামবে চেন্নাই সুপার কিংসের হয়ে। তার আগে শচীন তেন্ডুলকারের বাড়িতে আমন্ত্রণ। তিনি আয়ূষকে নিজের একটি টেস্ট জার্সি উপহার দেন। সেই জার্সিতে লেখা ছিল, ‘প্রিয় আয়ুষ, ভবিষ্যৎ কেরিয়ারের জন্য তোমায় অনেক শুভেচ্ছা।’ তার সঙ্গে শচীন পরামর্শ দেন, ‘পরিশ্রম করতে থাকো। মনঃসংযোগ হারিয়ে ফেলো না। লোকের কথায় ভেসে যেও না। অনুশীলন করে থাকো। চারদিকে অনেক প্রলোভন আসবে। সেগুলোয় কান দেবে না।’ শচীনের বাড়িতে উপস্থিত ছিলেন আয়ূষের মা, বাবা ও দাদা।
শচীনের সঙ্গে সাক্ষাতের পর আয়ূষ সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘টিভির পর্দায় আপনাকে দেখে বড় হয়েছি। আপনার সফরের একটা অংশ হাতে ধরে আপনার বাড়িতে দাঁড়িয়ে। এই সম্মানের জন্য ধন্যবাদ। ভারতীয় ক্রিকেটকে আপনি যেভাবে বছরের পর বছর সম্মান দিয়েছেন, আমিও সেই সম্মান বজায় রাখব।’
প্রসঙ্গত, অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ৭ ইনিংসে ২১৪ রান করেছে আয়ূষ। ফাইনালে ৫১ বলে ৫৩ এবং সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ৫৯ বলে ৬২ রান করেছিল আয়ূষ।
