আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশ সিরিজ অতীত। এবার সামনে নিউজিল্যান্ড। কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু করে দিলেন রোহিত শর্মা। ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে প্রথম টেস্ট। তার আগে রোহিতের ট্রেনিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুম্বইয়ের জিও পার্কে প্রস্তুতি শুরু করেছেন তিনি। সেখানে ভারত অধিনায়ককে স্ট্রেচিং করতে দেখা যায়। দৌড়তেও দেখা গিয়েছে রোহিতকে। তাঁকে উৎসাহ যোগাতে স্টেডিয়ামে ছিলেন ফ্যানরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছটি টেস্ট খেলেছেন ভারতের নেতা। সর্বোচ্চ রান ৮২। গড় ৫৩। কিউইদের বিরুদ্ধে রোহিতের পারফরম্যান্স অনবদ্য। বিশেষ করে ঘরের মাঠে। তাঁর খেলার ধরনের সঙ্গে যা সামঞ্জস্য।
প্র্যাকটিস শেষ করে ফেরার সময় ফ্যানদের হাতে ধরা দিতে বাধ্য হন রোহিত। তাঁর ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ে রোহিত ভক্তরা। মুম্বইয়ের জিও পার্কের বাইরে ভারত অধিনায়কের নীল ল্যাম্বর্গিনি ঘিরে ধরে ফ্যানরা। সকলের হাতে মোবাইল। লক্ষ্য বিশ্বকাপজয়ী অধিনায়ককে মোবাইলবন্দি করা। শেষমেষ পুলিশের সাহায্যে মুম্বইয়ের জিও পার্ক ছাড়েন রোহিত। তাঁকে নিয়ে উন্মাদনার কোনও ঘাটতি নেই। আধুনিক ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির পর সবচেয়ে জনপ্রিয় রোহিত শর্মা। উল্লেখ্য, ২৪ অক্টোবর থেকে পুনেতে দ্বিতীয় টেস্ট। ১ নভেম্বর থেকে মুম্বইয়ে তৃতীয় টেস্ট। শ্রীলঙ্কার কাছে জঘন্য হারে এমনিতেই ব্যাকফুটে থেকে নামবে নিউজিল্যান্ড। তারওপর কুঁচকির চোটের জন্য তিন টেস্টের সিরিজের প্রথম টেস্টে নেই কেন উইলিয়ামসন। যা কিউয়িদের কাছে বড় ধাক্কা।
















