আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ড সিরিজে রোহিতের ডেপুটি হয়েছেন জসপ্রীত বুমরা। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। যদিও বুমরা খুব বেশি অধিনায়কত্ব করেননি। তবে বল হাতে দলকে নেতৃত্ব দিতে ওস্তাদ।
কাল থেকে শুরু হচ্ছে ভারত–নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। সাংবাদিক সম্মেলনে এসে রোহিত জানিয়েছেন, ‘বুমরা প্রচুর ক্রিকেট খেলেছে। আমিও ওর সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। খেলাটা খুব ভাল বোঝে। দায়িত্ব নিতে পারে। ওর সঙ্গে কথা বললেই বোঝা যায়, ক্রিকেটটা বোঝে।’ এরপরই রোহিত জানিয়েছেন, ‘সম্ভবত একটি টেস্ট ও কয়েকটি টি২০ ম্যাচে অধিনায়কত্ব করেছে বুমরা। তবে কখন কী দরকার সেটা বোঝে। পরিস্থিতি অনুযায়ী নেতৃত্ব দেওয়ার গুণ বুমরার মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরেই বুমরা এই দায়িত্বটা সামলাচ্ছে।’
দলের অভিজ্ঞ পেসার। তরুণ বোলারদের গাইড করার কাজটাও দীর্ঘদিন ধরে করে আসছেন বুমরা। রোহিত বলেছেন, ‘দলে নতুন কোনও বোলার এলে বুমরা বরাবর তাঁর পাশে থাকে। দায়িত্বটা বুঝিয়ে দেয়। তাই বুমরার কাছে এটা নতুন ব্যাপার নয়। তাই এটাই সঠিক সময়। বুমরাকে দায়িত্ব দেওয়ার।’ তবে টেস্টে বুমরার সঙ্গী মহম্মদ সামির ফেরা নিয়ে রোহিতের মনে রয়েছে অনিশ্চয়তা। বলেই দিয়েছেন, ‘সামি দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাচ্ছেন না।’















