আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে কার্ডিফে দ্বিতীয় ওয়ানডের পর রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠলেও, সেই গুঞ্জনকে একপ্রকার উড়িয়ে দিলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে রোহিতের ওপর কোনও ধরনের চাপ তৈরি করা হচ্ছে না। ইংল্যান্ড সিরিজে রোহিতের ব্যাট থেকে বড় রান আসছে না।
গত আটটি ওয়ানডেতে তিনি করেছেন ২৪১ রান। গড় ৩০.১ এবং স্ট্রাইক রেট ৮৮.৬। কার্ডিফে দ্বিতীয় ওয়ানডেতেও ছন্দে দেখা যায়নি তাঁকে। ৪৭ বলে ২৬ রান করে উইল জ্যাকসের শিকার হন ভারতের অভিজ্ঞ ওপেনার।
এরপরই সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদনে দাবি করা হয়, লর্ডসে তৃতীয় ওয়ানডেই হতে পারে ভারতের জার্সিতে রোহিত শর্মার শেষ ম্যাচ। প্রতিবেদনে আরও বলা হয়, ইংল্যান্ড সফরের পর নির্বাচকরা তাঁকে দলে নাও রাখতে পারেন।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে বোর্ডের পরিকল্পনায় নেই হিটম্যান। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোটাককে প্রশ্ন করা হয়, ভারতীয় দল কি ভবিষ্যতের কথা ভেবে রোহিতের পরিবর্তে যশস্বী জয়সওয়াল বা ঈশান কিষাণকে ওপেনিংয়ে সুযোগ দেওয়ার কথা ভাবছে?
কোটাক জানান, রোহিতের মতো বড় মাপের ক্রিকেটারের ওপর এই ধরনের চাপ কাজ করে না। ভারতের ব্যাটিং কোচ বলেন, ‘রোহিতের মতো বড় খেলোয়াড় কোনও চাপ অনুভব করবে বলে আমি মনে করি না। ও এতটাই বড় মাপের ক্রিকেটার যে এসব ওর ওপর প্রভাব ফেলে না। হ্যাঁ, প্রথম দুই ম্যাচে ও রান পায়নি, কিন্তু তাতে বিশেষ কিছু বদলে যায় না। আজও মনে হচ্ছিল ও বড় ইনিংস খেলতে পারে। তবে এমনটা হতেই পারে।’
রোহিতের স্লো ইনিংস নিয়েও তাঁর পাশে দাঁড়িয়েছেন ভারতের ব্যাটিং কোচ। তাঁর মতে, রোহিত কোনওভাবেই ব্যাটিংয়ে স্ট্রাগল করছিলেন না। বরং পরিস্থিতির কারণেই নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। কোটাক বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং দেখেছি। অনেক সময়ই একজন ব্যাটারের দিন ভাল নাই যেতে পারে। কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পায় না। এটা স্বাভাবিক বিষয়। লর্ডসে হয়তো রোহিতের ব্যাট থেকে একেবারে অন্যরকম ইনিংস দেখতে পাবেন সবাই।’
তিনি আরও যোগ করেন, ‘আমি বলব না যে রোহিত স্ট্রাগল করছিল। পিচে ডাবল বাউন্স থাকায় ওর স্বাভাবিক অন-দ্য-আপ শট খেলতে হয়তো অস্বস্তি হচ্ছিল। অন্যদিকে শুভমান গিল ও বিরাট কোহলি দ্রুত রান পেয়ে গিয়েছিল। রোহিত হয়তো নিজের পছন্দের বল পায়নি বা শুরুটা করতে পারেনি। তবে রোহিতের মতো ক্রিকেটারের কাছ থেকে যে কোনও সময় বড় ইনিংস আসতে পারে। এমন ঘটনা অনেক ব্যাটারের ক্ষেত্রেই দেখা যায়। তাই আমি বলব না যে ও স্ট্রাগল করছিল।’
দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড সিরিজে সমতা ফিরিয়েছে। ফলে, রবিবার লর্ডসে সিরিজ ডিসাইডার ঘিরে উত্তেজনা তুঙ্গে। একই সঙ্গে নজর থাকবে রোহিত শর্মার পারফরম্যান্স এবং তাঁর ভবিষ্যৎ নিয়েও।
















