আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। তাতে শুরুতেই বিপত্তি। সম্প্রচারকারী চ্যানেলের ভুলে বিভক্ত ইন্টারনেট। ম্যাচ শুরু হওয়ার পর পাকিস্তান প্লেয়ারদের পরিসংখ্যান স্ক্রিনে দেখানোর চেষ্টা করে ব্রডকাস্টররা। এখানেই বিপত্তি। ভুলবশত পাকিস্তানের বদলে গ্রাফিক্সে ভারতীয় দলের প্রথম একাদশ দেখানো হয়। দলের অধিনায়কের নাম রোহিত শর্মা। এছাড়াও প্লেয়ারদের মধ্যে ছিলেন শুভমন গিল, তিলক বর্মা, শিবম দুবে, জীতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, অর্শদীপ সিং এবং মুকেশ শর্মা। সবাই ভারতীয় দলের অঙ্গ, পাকিস্তানের নয়। এর আগেও বেশ কয়েকবার সম্প্রচারকারী চ্যানেলের ভুলের উদাহরণ রয়েছে। তবে ভারত-পাকিস্তান কেন্দ্রিক যেকোনও ভুলই যে বড় আকার নেবে সেটা বলার উপেক্ষা রাখে না।
এই ভুল দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ইন্টারনেটে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। হতবম্ব হয়ে পড়ে ফ্যানরা। তবে সেই ভুল দ্রুত শুধরে ফেলা হয়। তবে তার আগেই আলোড়েন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ছড়িয়ে পড়ে দুই দেশের সমর্থকদের মধ্যে। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন বাংলাদেশের। সামনে থেকে নেতৃত্ব দেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শতরান করেন। শুরুর ঝটকা সামলে নিয়ে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান বাংলাদেশের। মাত্র ১২৯ বলে নবম টেস্ট শতরান করেন শান্ত। ইনিংসে ছিল ২টি ছয় এবং ১২টি চার। ১১ ওভারের মধ্যে ৩১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে মমিনুল হককে নিয়ে ১৭০ রান যোগ করেন শান্ত। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। অধিনায়কের প্রশংসা করেন মমিনুল। জানান, শান্তর সেরা ইনিংসের অন্যতম। মমিনুল বলেন, 'শান্তর অন্যতম সেরা ইনিংস। ও দারুণ ছন্দে আছে। চাপের মধ্যেও শতরান করেছে। এদিনও কঠিন পরিস্থিতিতে রান পেয়েছে। জীবনের সেরা ফর্মে আছে।' দ্বিতীয় দিন লিড আরও বাড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ।















