আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভুলে ভরা ক্রিকেট ভারতের। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম দিন পুরোপুরি ভেস্তে যায়। টসও হয়নি। দ্বিতীয় দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কিন্তু তাঁর সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফেরে। মেঘলা আকাশ এবং আবহাওয়ার পূর্ণ ফায়দা তোলে নিউজিল্যান্ডের বোলাররা। তিন পেসার ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপে ধস নামায়। মাত্র ৪৬ রানে আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৪০২ রান তোলে কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ফেরে ভারত। নিউজিল্যান্ডকে ১০৭ রানের লক্ষ্যমাত্রা দেয় রোহিতরা।‌ মাত্র ২ উইকেট খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। টানা ছয় টেস্ট জয়ের পর হারের সম্মুখীন হয় ভারত। ১৯৮৮ সালের পর ভারতের মাটিতে কিউয়িদের প্রথম জয়। হারের পর সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ট্রোলের মুখে পড়তে হয় রোহিত শর্মাকে। সমালোচিত হন ভারতের নেতা। 

নেটিজেনরা রোহিতকে 'দিশাহীন অধিনায়ক' এর অ্যাখ্যা দেয়। একজন লেখেন, 'টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মা বিরাট কোহলির ১০ শতাংশও নয়। দিশাহীন অধিনায়ক।' আরেকজন পরিসংখ্যান তুলে ধরে রোহিতকে খোঁচা মারেন। বলেন, '৭ বছরে ঘরের মাঠে দুটো টেস্ট হেরেছে কোহলি। দু'বছরের কম সময়ে ইতিমধ্যেই তিনটে টেস্ট হেরেছে রোহিত। অন্য একজন লেখেন, 'অধিনায়ক রোহিত শর্মা সবচেয়ে বড় অপরাধী। পেস সহায়ক পিচে তিনজন স্পিনারকে খেলানো হয়। টেস্টের পাঁচদিনই আকাশ মেঘলা ছিল। মেঘলা আবহাওয়া সত্ত্বেও প্রথমে ব্যাট করার সিদ্ধায় নেয় রোহিত।' দ্বিতীয় দিনের শেষে নিজের ভুল মেনে নেন ভারতের নেতা। রোহিত স্পষ্ট জানান, টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু ভারতের নেতার এই মারাত্মক ভুল মেনে নিতে পারছেন না ক্রিকেটপ্রেমীরা।