আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারের পর অবসরের প্রসঙ্গ উড়িয়ে দিলেন রোহিত শর্মা। বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সোজাসাপ্টা উত্তর দেন। দল হারলেও দুরন্ত শতরান করেন রোহিত। ভারতকে ২৭ রানে হারিয়ে সিরিজ ২-১ করে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে মাত্র ১১ এবং ২৬ করেন রোহিত। একাধিক রিপোর্ট দাবি করে, তৃতীয় একদিনের ম্যাচের পর দল থেকে বাদ পড়বেন প্রাক্তন অধিনায়ক। যার ফলে অবসরের কথা ভাবতে পারেন রোহিত। কিন্তু এই প্রসঙ্গ উড়িয়ে দেন দেবজিত সাইকিয়া। বোর্ড সচিব দাবি করেন, ইংল্যান্ড সফরের পরও খেলা চালিয়ে যাবেন রোহিত। এবার খোদ তারকা ক্রিকেটারই অবসরের জল্পনা উড়িয়ে দেন। বেশ কড়া বার্তা দেন গৌতম গম্ভীর, অজিত আগরকরদের। 

রোহিত দাবি করেন, 'বাইরের আওয়াজ' তাঁর ওপর কোনও প্রভাব ফেলে না। ক্রিকেট জীবনের শুরু থেকেই এটার সঙ্গে অভ্যস্ত তিনি। রোহিত বলেন, 'আমার ব্যাট নিয়ে কাজ। মাঠে নেমে খেলা। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। অভিষেকের পর থেকে আমি সেটাই করতে শিখেছি। আমি সেটাই করব। আমার অভিষেকের পর থেকেই এই বাইরের আওয়াজ ছিল। আমি যতদিন থাকব, এই আওয়াজ থাকবে। তবে এটা আমার ওপর প্রভাব ফেলে না। আমি মাঠে কী করলাম, সেটাই আসল। আমি দলের সাফল্যের অঙ্গ হতে চাই। সেটাই আমার একমাত্র ফোকাস। আওয়াজ না থাকলে, মজাও থাকবে না। আমার কাজ মাঠের ভেতর। ওদের বাইরে। আমি বিষয়টাকে সেই ভাবেই দেখি।'

রবিবার লর্ডসে ১১০ বলে ১৩৮ রান করেন রোহিত। তাতে ছিল ৫টি ছয় এবং ১৭টি চার। এর আগে রোহিতের অবসরের প্রসঙ্গ উড়িয়ে দিয়েছিলেন শুভমন গিল। পরপর দুই ম্যাচে রান না পাওয়ার পর হিটম্যানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। গিল কিছু শুনেছেন কিনা জিজ্ঞেস করা হয়। উত্তরে তিনি বলেন, 'ও আমাদের কিছু বলেনি। আমার মনে হয় শুধুমাত্র মিডিয়াতেই এইসব প্রকাশিত হচ্ছে। কিন্তু এই নিয়ে দলের মধ্যে কোনও আলোচনা হয়নি।' এবার খোদ রোহিতই সেই সম্ভাবনা উড়িয়ে দেন। চলতি মাসের ফেব্রুয়ারিতে ২০২৭ বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেন রোহিত। সেটাকেই পাখির চোখ করে এগোতে চান। আশা, লর্ডসে এই ইনিংসের পর তাঁকে বাদ দেওয়ার কোনও নতুন ফন্দি আটবেন না টিম গম্ভীর।