আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ডাবল বোনানজা পেলেন রিঙ্কু সিং।
একদিকে কলকাতা নাইট রাইডার্সের সহ-অধিনায়ক তিনি। অন্যদিকে উত্তর প্রদেশ সরকারের রিজিওনাল স্পোর্টস অফিসার।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাত থেকে নিয়োগপত্র পেলেন রিঙ্কু।
মহম্মদ কাইফের মতো প্রাক্তন ক্রিকেটার বলছিলেন, কলকাতা নাইট রাইডার্স রিঙ্কুকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখুক। তাতে লাভ হবে কেকেআর ফ্র্যাঞ্চাইজিরই।
রিঙ্কুর প্রশংসা করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ''সরকারি চাকরিতে অ্যাথলিটদের অগ্রাধিকার একমাত্র উত্তর প্রদেশই দিয়েছে। পুলিশের বিভিন্ন কাজে আমরা পাঁচশোর বেশি অ্যাথলিটকে নিয়োগপত্র দিয়েছি। ক্রিকেটে ও এশিয়ান গেমসে অবদানের জন্য রিঙ্কু সিংকে আমরা রিজিওনাল স্পোর্টস অফিসারের নিয়োগপত্র দিয়েছি। আইপিএলের জন্য কেকেআর ক্যাম্পে রয়েছে রিঙ্কু।''
রিজিওনাল স্পোর্টস অফিসার হিসেবে রিঙ্কু সিং ৭০ থেকে ৮০ হাজারের কাছাকাছি বেতন পাবেন। খেলাধুলোর কাজ, স্টেডিয়াম দেখাশোনা ও নব প্রতিভার অন্বেষণ করাই রিজিওনাল স্পোর্টস অফিসারের কাজ।
এশিয়ান গেমসে সোনা জয়, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বজয়ী দলের অংশ রিঙ্কু সিং।
এ শুধু খবর নয়, এক যোদ্ধার নতুন পরিচয়ের কাহিনি।
দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র রিঙ্কু সিং। ব্যাট হাতে যিনি একদিকে ফিনিশার, অন্যদিকে পাঁচ ছক্কায় জয় ছিনিয়ে নিতে পারেন। সেই তিনিই , এবার পেলেন নতুন স্বীকৃতি।
