আজকাল ওয়েবডেস্ক: আসন্ন মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সামনে রেখে বড় ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, এবারের টুর্নামেন্টের জন্য রেকর্ড ৮২ কোটি টাকার পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে।
যা আগের সংস্করণের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ শুরু হবে আগামী ১২ জুন এবং চলবে ৫ জুলাই পর্যন্ত। মোট ৭টি ভেন্যু মিলিয়ে ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট পুরস্কারমূল্য ছিল প্রায় ৭৪ কোটি টাকা (ইউএসডি ৭,৯৫৮,০৭৭), যা এবার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮২ কোটি টাকা (ইউএসডি ৮,৭৬৪,৬১৫)।
আইসিসির তরফে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ২১.৮ কোটি টাকা। রানার্স-আপ দল পাবে প্রায় ১০ কোটি টাকা। সেমিফাইনালে ছিটকে যাওয়া দুই দল পাবে প্রায় ৬.২৯ কোটি টাকা করে।
এছাড়া প্রতিটি গ্রুপ ম্যাচ জয়ের জন্য দলগুলি পাবে প্রায় ২৯ লক্ষ টাকা। অংশগ্রহণকারী ১২টি দল প্রত্যেকেই ন্যূনতম প্রায় ২.০৬ কোটি টাকা করে পাবে বলে জানিয়েছে আইসিসি।
উল্লেখ্য, এবারে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দলের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১২ করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলির মধ্যে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১২ জুন বার্মিংহামের এজবাস্টনে আয়োজক ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ২৪ দিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে, টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন আয়োজক শহরে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে। টুর্নামেন্টের সূচনা হবে স্কটল্যান্ডে ৭ মে থেকে। আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা বলেন, ‘মহিলা ক্রিকেট দ্রুত গতিতে এগোচ্ছে। দলের সংখ্যা বৃদ্ধি এবং রেকর্ড পুরস্কারমূল্য আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। যাতে বিশ্বজুড়ে মহিলা ক্রিকেট আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে।’















