আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৭ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা হবে না রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সামির। বিসিসিআইয়ের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। 


এটা ঘটনা, জাতীয় দল থেকে অনেকদিন বাইরে মহম্মদ সামি। রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক টি–২০ থেকে অবসর নিলেও ওয়ানডেতে আছেন। তবে সামিকে টি–২০ বা একদিনের ক্রিকেটে আর ডাকা হয় না। ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পরেও। 


সূত্রের খবর, সামির মিডিয়ার সামনে এটা সেটা বলে দেওয়াটা ভালভাবে নেয়নি বোর্ড। এমনকী নির্বাচকরা সামির ফর্ম ও ফিটনেস নিয়েও খুশি নন। যদিও সামি ও জাদেজা দু’‌জনেই ২০২৭ বিশ্বকাপ খেলতে চান। কিন্তু সামি তো বটেই, জাদেজাও ২০২৭ এর বিশ্বকাপ দলে নিশ্চিত নন। বরং বুমরা, অর্শদীপ, রানা, সিরাজদের নিয়েই এগোতে চাইছে ভারতীয় বোর্ড।


তাছাড়া একদিনের দলে ওয়াশিংটন সুন্দর চলে আসায় জাদেজার জায়গা আরও অনিশ্চিত হয়ে গিয়েছে। এছাড়া অক্ষর প্যাটেল রয়েছেন। ভারত ফের একদিনের ক্রিকেট খেলবে সেই জুলাইয়ে। ওই সিরিজে সামি তো বাদ দিন, জাদেজার জায়গা পাওয়াও অনিশ্চিত।


সবচেয়ে বড় কথা কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনাতেও আর সামি নেই। জাদেজাকে হয়ত আর কিছু সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটাও আর কতদিন সেটা প্রশ্ন। ২০২৭ বিশ্বকাপ এখনও প্রায় দেড় মাস দেরি। ততদিনে অনেক অদল বদল হবে। 

এদিকে, ২০২৭ বিশ্বকাপকে পাখির চোখ করেছে বিসিসিআই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বোর্ড নাকি বিভিন্ন দেশের বোর্ডকে জানিয়েছে দ্বিপাক্ষিক সিরিজে একদিনের ম্যাচের সংখ্যা বাড়ানো হোক।
বিরাট ও রোহিত শুধু দেশের হয়ে একদিনের ক্রিকেটটাই খেলেন। আর তাই একদিনের ম্যাচের সংখ্যা বাড়লে বিরাট ও রোহিতেরই লাভ হবে। বিশ্বকাপের আগে ম্যাচ সংখ্যা বাড়বে দু’‌জনের। 


আইপিএলের পর আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে টিম ইন্ডিয়া। এরপর ইংল্যান্ড যাবে ভারত। সেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি–২০ খেলবে। ওই সফরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধেও খেলবে ভারত। এর পাশাপাশি শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছে বিসিসিআই। কারণ বাংলাদেশ সফরে ভারত যদি না যায়, সেক্ষেত্রে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ খেলতে উৎসাহী তারা। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ রয়েছে ভারতের। ইতিমধ্যেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ওয়ানডে ম্যাচ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিসিসিআইকে।