আজকাল ওয়েবডেস্ক: লর্ডসে ভারতের জার্সিতে শেষ ম্যাচ হতে পারত রোহিত শর্মার। কিন্তু দুর্দান্ত শতরানে সমালোচকদের মুখ বন্ধ করে দেন। আপাতত হিটম্যানের অবসর প্রসঙ্গে কোনও কথা উঠবে না। মঙ্গলবার 'দ্য হান্ড্রেড ২০২৬' এর উদ্বোধনে হাজির ছিলেন রোহিত। কিয়া ওভালে মুম্বই ইন্ডিয়ান্স লন্ডন এবং সানরাইজার্স লিডসের মধ্যে ম্যাচ ছিল। স্ট্যান্ডে রোহিতকে দেখে তাঁর ভবিষ্যৎ নিয়ে কথা না বলে থাকতে পারেননি রবি শাস্ত্রী। কোনও রাখঢাক করেননি ধারাভাষ্যকার। ভারতের প্রাক্তন অধিনায়কের হয়ে সওয়াল করেন। দাবি, 'ব্যাট দিয়ে কষে থাপ্পড় মারেন রোহিত।' 

রবি শাস্ত্রী বলেন, 'হিটম্যান আবার ছন্দে ফিরে এসেছে। সমালোচকদের যোগ্য জবাব দিতে পেরে ও নিশ্চয়ই এবার নিশ্চিন্তে আছে। শেষ একদিনের ম্যাচের আগে অতিরিক্ত আলোচনা হয়। তার যোগ্য উত্তর দিয়েছে। ১৩৮ রান করে ব্যাট দিয়ে সপাটে থাপ্পড় মেরেছে। লর্ডসে ওর প্রথম শতরান। ও অনেক কিছু দিয়েছে। অধিনায়ক হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটা আইপিএল জিতেছে।' রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে একাধিক ক্রিকেটার মন্তব্য করে। তারমধ্যে অন্যতম রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রাক্তন স্পিনার দাবি করেন, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট এই দু'জনকে ছুঁতে পারবে না।

অশ্বিন বলেন, 'বিরাট এবং রোহিত যদি খেলতে চায়, কেউ কিছু বলতে পারবে না। কারণ ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদান প্রচুর। রোহিত প্রায় ১২,০০০ রান করেছে। কেউ ওকে ছুঁতে পারবে না। আরও একটি বিষয় হল, ওরা ব্যাটার। ওদের কেউ ছুঁলে, ওদের সেনারা প্রতিবাদ শুরু করে দেবে। লোকে ওদের দেখতে আসে। ওদের বাদ দিলে, মাথা থেকে ছাদ সরে যাবে।' অশ্বিন মনে করেন, সমালোচকদের জবাব দেওয়ার প্রয়োজন নেই রোহিতের। নিজেকে আবার নতুন করে প্রমাণ করারও কোনও দরকার নেই। কিন্তু রোহিত ২০২৭ বিশ্বকাপ খেলতে চান। সেটাই প্রাক্তন অধিনায়কের একমাত্র প্রেরণা।