আজকাল ওয়েবডেস্ক: বিতর্কিত রান আউটের শিকার পাকিস্তানের তারকা সলমন আলি আঘা।
প্রাক্তন তারকা রামিজ রাজা তুলোধনা করলেন বাংলাদেশকে। বললেন, ভালমানুষী করার ফল পেলেন সলমন আলি আঘা।
মেহদি হাসানের রান আউট করা নিয়ে সোচ্চার পাকিস্তানের প্রাক্তন তারকা রামিজ রাজা। তিনি বাংলাদেশকে একশোয় দশ দিচ্ছেন।
রামিজ রাজা বলছেন, ''আমি অন্য দর্শনের মানুষ। খেলাটাও অন্যভাবে হয়েছে। এটা স্পোর্টসম্যানশিপের বাইরে। মেহদির আউট করার যৌক্তিকতা ছিল। আঘা ভালমানুষী করতে গিয়েছিল। প্রতিপক্ষের সঙ্গে এভাবে ভালমানুষী করা উচিতই নয়।''
আঘার বিরোধিতা, আঘার ক্ষোভপ্রকাশের কারণ ছিল। রামিজ রাজা বলছেন, ''আঘার প্রতিক্রিয়ার কারণ ছিল। দুই ক্রিকেটারের উদ্দেশ্য দুই রকম ছিল। একজনের উদ্দেশ্য ছিল আউট করা। আরেকজন বেশি ফ্রেন্ডলি হতে গিয়েছিল। এই লড়াইয়ে বন্ধুত্বের কোনও জায়গা নেই।''
একটা রান আউটকে কেন্দ্র করে শিরোনামে চলে এল বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে ম্যাচ। ব্যাট করছিলেন মহম্মদ রিজওয়ান ও সলমন আলি আঘা। দুই ব্যাটার পাকিস্তান ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছিলেন। ৩৯-তম ওভারেই ঘটে সেই বিতর্কিত ঘটনা।
বাংলাদেশের অলরাউন্ডার মেহদি হাসান মিরাজ ওভার করছিলেন। তাঁর ওভারের চতুর্থ ডেলিভারিতে রিজওয়ানের নেওয়া শট মিরাজের দিকে এলে তিনি পা দিয়ে সেটি থামানোর চেষ্টা করেন। বল পুরোপুরি থামেনি, ঠিক সেই সময়ে নন-স্ট্রাইক এন্ডে থাকা পাক ব্যাটার সলমন আলি আঘা ক্রিজের বাইরে থেকেই বলটি হাতে নেওয়ার চেষ্টা করেন।
বলটা ধরার জন্য মিরাজ ও সলমন আলি আঘা একযোগে চেষ্টা করেন। মিরাজ বল হাতে নিয়ে তা উইকেট ভেঙে দেন। স্টাম্প ভেঙে দেন তিনি। রান আউটের আবেদন করেন মিরাজ।
তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে আউট ঘোষণা করেন আঘাকে। আম্পায়ারদের ব্যাখ্যা বল 'ডেড' ঘোষণা হয়নি তখন। সলমন আলি আঘা ক্রিজের বাইরে ছিলেন।
সেই আউটের প্রসঙ্গে রামিজ আরও বলেন, ''আমি বাংলাদেশকে একশোয় দশ দিলাম। ওরা আরেকটু ভাল ভাবে বিষয়টা করতে পারত।''
ওই রান আউট বিতর্ক বাদ দিলে পাকিস্তান কিন্তু প্রাধান্য রেখেই ম্যাচটা জিতেছে। ১২৮ রানের বড় ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ১-১ করে ফেলেছে।
