আজকাল ওয়েবডেস্ক:‌ বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। প্রায় ১৫ হাজার ২৮৬ কোটি টাকায়!‌ আমেরিকা নিবাসী শিল্পপতি কাল সোমানি কিনে নিয়েছেন রাজস্থান ফ্রাঞ্চাইজির ১০০ শতাংশ শেয়ার। 


জানা গিয়েছে কাল সোমানির কনসর্টিয়াম কিনে নিয়েছে এই ফ্রাঞ্চাইজি। এটা ঘটনা, গত বছরই রাজস্থান রয়্যালস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন বর্তমান মালিক গোষ্ঠী। তারপর থেকেই বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। বেশ কয়েকটি গোষ্ঠী আগ্রহও প্রকাশ করেছিল। শেষ পর্যন্ত কিনে নিল কাল সোমানির কনসর্টিয়াম। এটা ঘটনা, কাল সোমানির নেতৃত্বাধীন কনসর্টিয়ামে রয়েছেন আমেরিকার আরও দুই ব্যবসায়ী। ওয়ালমার্টের কর্ণধার রব ওয়ালটন এবং ফোর্ডের কর্ণধার হ্যাম্প পরিবার। 


জানা গেছে, সম্প্রতি রাজস্থানের বর্তমান বোর্ড কলুম্বিয়া প্যাসিফিক ক্যাপিটাল পার্টনার্সের ১৬ হাজার কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেই হিসাবে কম দামেই দলের সম্পূর্ণ মালিকানা বিক্রি হয়ে গেল। এর আগে অন্য একটি সংস্থা প্রায় ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। তা–ও ফিরিয়ে দিয়েছিলেন বর্তমান মালিকরা। 


এখন রাজস্থানের ৬৫ শতাংশ মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে। এই সংস্থার কর্ণধার মনোজ বাদালে। এছাড়াও অংশীদার হিসাবে রয়েছে রেডবার্ড ক্যাপিটাল এবং ল্যাচলান মার্ডক। তাদের হাতে যথাক্রমে ১৫ এবং ১৩ শতাংশ শেয়ার রয়েছে। আরও কয়েকটি সংস্থাও রয়েছে।


এদিকে আবার ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আমেরিকার ব্ল্যাকস্টোন প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজিস ফান্ড (বিএক্সপিই) আইপিএলে বিনিয়োগ করতে ইচ্ছুক। তবে তারা সরাসরি কোনও দল কিনবে চায় না। রাজস্থান অথবা আরসিবিতে বিনিয়োগ করতে চায়। ভারতীয় মূল্যে ১,৮৭৫ কোটি থেকে ২,৮০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে তারা। 


এটা ঘটনা, সোমানি ছাড়াও আরও চারজন রাজস্থান রয়্যালস কেনার দৌড়ে ছিলেন। শেষ পর্যন্ত মার্কিন ব্যবসায়ী রেকর্ড দামে জয়পুরের ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিল। এটাই আইপিএলের ইতিহাসের সর্ববৃহৎ চুক্তি।


প্রসঙ্গত, ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই দলের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। তারপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি। এখন দেখার নতুন মালিকানা আসার পর চ্যাম্পিয়নের ভাগ্য ফেরে কিনা রাজস্থানের।