আজকাল ওয়েবডেস্ক: চোট পাওয়া স্যাম কুরানের বিকল্প খুঁজে নিল রাজস্থান রয়্যালস।
আসন্ন আইপিএলে দাসুন শানাকার পিঠে উঠবে রাজস্থান রয়্যালসের জার্সি।
কুঁচকির চোটে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন স্যাম কুরান। তাঁর পরিবর্ত হিসেবে রাজস্থান শানাকার নাম ঘোষণা করেছে।
পাকিস্তান সুপার লিগ আরও এক তারকাকে হারাল। পিএসএলের ক্ষতি, আইপিএলের লাভ।
আইপিএলের মিনি নিলামে শানাকা অবিক্রিত থেকে যান। পিএসএলের লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা ছিল শ্রীলঙ্কার তারকা শানাকার। কিন্তু আইপিএলে খেলার মতো পরিস্থিতি তৈরি হয় তাঁর সামনে। রাজস্থান রয়্যালস নিশ্চিত করে জানিয়েছে, ২ কোটির বিনিময়ে শানাকাকে দলে নিয়েছে রাজস্থান।
দ্বীপরাষ্ট্রের অলরাউন্ডার অতীতে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন।
শানাকা মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি সিম বোলিং করতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে শানাকার দেশ শ্রীলঙ্কা সুপার এইট পর্যন্ত পৌঁছেছে। শানাকা ১৬৫ রান করার পাশাপাশি ৩টি উইকেট নেন বিশ্বকাপে। শানাকার উপস্থিতি শক্তি বাড়াবে রাজস্থান রয়্যালসের।
শানাকার পিএসএল ছাড়া প্রমাণ করছে আইপিএল সবথেকে জনপ্রিয় ব্র্যান্ড। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররাও আইপিএলের প্রতিই ঝুঁকে রয়েছেন।
এই ট্রেন্ড পাকিস্তান ক্রিকেটে শঙ্কার কারণ হয়ে উঠেছে। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগের মাঝপথে খেলোয়াড়রা সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলে যাওয়া পিএসএলের গুণগত মান কমিয়ে দেবে। শানাকার আগে জিম্বাবোয়ের তারকা ব্লেসিং মুজারাবানি পিএসএল ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন।
