আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ইংল্যান্ডে তাপপ্রবাহ বাড়ছে। তৃতীয় হিটওয়েভ শুরু হয়েছে। তারমধ্যেই চলছে বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচেই সিরিজের তৃতীয় ম্যাচ। কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ দিয়ে শুরু হয় সিরিজ। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় ম্যাচের আগেও বৃষ্টির আশঙ্কা ছিল। কিন্তু ম্যাচে বৃষ্টি থাবা বসায়নি। তৃতীয় টি-২০ ট্রেন্টব্রিজে। মঙ্গলবার নটিংহ্যামের আকাশ মেঘলা থাকবে। ম্যাচ চলাকালীন পুরো সময়টাই আকাশে মেঘ থাকবে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম। হাই-স্কোরিং ম্যাচ হবে। পরিবেশ এবং পরিস্থিতি ব্যাটারদের সাহায্য করবে। 

টি-২০ দলের নেতৃত্ব পাওয়ার পর এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেননি শ্রেয়স আইয়ার। তাঁর অধিনায়কত্বে চার ম্যাচের মধ্যে তিনটে ম্যাচে হারে টিম ইন্ডিয়া। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তৃতীয় টি-২০ শ্রেয়সের জন্য গুরুত্বপূর্ণ। অবশেষে ভারতের জার্সিতে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। কিন্তু অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেননি। ১০ বলে ১৪ রান করে আউট হন। তারমধ্যে ছিল দুটো ছক্কা। দলের তৃতীয়, নিজের দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে পেতে মরিয়া থাকবেন বৈভব। তাঁর ব্যাটে সিরিজে সমতা ফেরাতে চাইবে ভারত। 

দীর্ঘ চর্চার পর শেষমেষ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ তে দলে সুযোগ পান ১৫ বছরের বিস্ময় বালক। শনিবার তাঁর হাতে ভারতীয় দলের টুপি তুলে দেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক তিলক বর্মা। যার সাক্ষী থাকে পুরো দল। ১২২তম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ তে অভিষেক হয় বৈভবের। সঞ্জু স্যামসনের জায়গায় দলে জায়গা পান বৈভব। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করেন। ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সিনিয়র জাতীয় দলে সুযোগ পেয়ে ভেঙেছিলেন শচীন তেন্ডুলকারের রেকর্ড।

ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। ১৫ বছর ৯৯ দিনে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়নি বৈভবের। এই রেকর্ডের মালিক পাকিস্তানের হাসান রাজা। ১৯৯৬ সালে ফয়সলাবাদে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাত্র ১৪ বছর ২২৭ দিনে টেস্ট অভিষেক হয় পাকিস্তানের ক্রিকেটারের। একই বছর মাত্র কয়েকদিনের মধ্যে একদিনের ক্রিকেটে হাতেখড়ি হয়। হাসান রাজার বয়স তখন ১৪ বছর ২৩৩ দিন।