আজকাল ওয়েবডেস্ক: প্রথমদিন রোদ ঝলমলে থাকলেও, পরের দু'দিন মাঝেমধ্যেই হালকা বৃষ্টি হয়েছে। টেস্টের গতিবিধি অনুযায়ী, চতুর্থ এবং পঞ্চম দিন খুবই গুরুত্বপূর্ণ। এই দু'দিনের ওপরই নির্ভর করছে টেস্টের ফয়সালা। কিন্তু কেমন থাকবে চতুর্থ দিনের আবহাওয়া? জানা গিয়েছে, সোমবার ইংলিশ কন্ডিশন থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ঝোড়ো হাওয়াও বইবে। তবে অতিরিক্ত চিন্তার কারণ নেই, সূর্যও উঁকি মারবে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরের দিকে আবহাওয়ার উন্নতি হবে।
দুপুরের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। আকাশ পরিষ্কার হয়ে যাবে। বাকি সেশন রোদ ঝলমলে থাকবে। অর্থাৎ, প্রথম সেশন সামলে খেলতে হবে কেএল রাহুলদের। দিনটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। রাহুল এবং শুভমনের ব্যাটে ভর করে বড় লিডের দিকে এগিয়ে যেতে চাইবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে চাপে ফেলতে অন্তত ৩০০ রানের টার্গেট সেট করতে চাইবে ভারত। শুরুতে হাওয়ার জন্য উইকেটে সুইং থাকতে পারে। তাই প্রথম সেশনে অতি সতর্কতার সঙ্গে ব্যাট করতে হবে। তবে পরের দিকে কোনও সমস্যা থাকবে না। পরের সেশনগুলোতে ম্যাচে ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই। যার ফলে বড় রানের টার্গেট সেট করতে পারবে গিলরা। ম্যাচ ৫০-৫০ পরিস্থিতিতে রয়েছে। মিডল অর্ডারের ভরসায় চ্যালেঞ্জিং রান খাড়া করতে চাইবে টিম ইন্ডিয়া।
















