আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে সুপারস্টার সংস্কৃতি পুরোপুরি শেষ করে দেওয়ার ভাবনার সঙ্গে একমত নন প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। জাতীয় দলের বর্তমান গৌতম গম্ভীর বারবারই বলে এসেছেন, ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে দ্রাবিড়ের মতে, কোনও খেলাই তার 'নায়ক' বা 'হিরো' ছাড়া পূর্ণতা পায় না।

উইজডেনের 'স্কুপ' পডকাস্টে দ্রাবিড় বলেন, ''যে কোনও খেলাতেই কিছু নায়ক দরকার হয়। আর মাঠে পারফরম্যান্স ছাড়া কেউ নায়ক হয়ে উঠতে পারে না। বিশেষ করে ভারতে, যেখানে যেমন প্রশংসা আছে, তেমনই সমালোচনাও আছে। এখানে সুপারস্টার হতে গেলে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক সাফল্য পেতে হয় এবং সেই সঙ্গে দলকেও জেতাতে হয়।''

দ্রাবিড় নিজেও এমন এক যুগে খেলেছেন, যখন ভারতীয় ক্রিকেটে শচীন তেণ্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ এবং বীরেন্দ্র সেহওয়াগের মতো তারকারা ছিলেন। তাঁদের হাত ধরেই ভারতীয় ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছেছিল।

সম্প্রতি টেস্ট ক্রিকেটে ভারতের পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন দ্রাবিড়। গম্ভীরের কোচিংয়ে টেস্টে ভারতের ফল আশানুরূপ হয়নি। ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ব্যর্থতার মুখ দেখতে হয়েছে ভারতকে।

এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের  মতো ক্রিকেটারদের অবসর নেওয়ার পর শূন্যস্থান পূরণ করা সহজ নয়। 

তবে ভারতীয় দল দ্রুত ঘুরে দাঁড়াবে বলেই তাঁর বিশ্বাস।

দ্রাবিড়ের কথায়, ''লাল বলের ক্রিকেটে ভাল করার আগ্রহ এখনও দলের মধ্যে রয়েছে। কয়েকটি সিরিজে আমরা প্রত্যাশামতো খেলতে পারিনি, কিন্তু এমনটা হতেই পারে। রোহিত, বিরাট ও অশ্বিনের মতো বড় ক্রিকেটারদের বদলি খুঁজে পাওয়া সহজ নয়। তবুও ভারতীয় ক্রিকেট যথেষ্ট শক্তিশালী। আমি বিশ্বাস করি, সব ফরম্যাটেই ভারত প্রতিযোগিতামূলক দল হিসেবেই থাকবে। হয়তো একটু সময় লাগবে, তবে আশা করছি খুব দ্রুতই দল ঘুরে দাঁড়াবে।''

একই সঙ্গে দ্রাবিড় এ-ও উল্লেখ করেছেন যে, বর্তমানে সাদা বলের ক্রিকেট খেলার কারণে ক্রিকেটারদের জন্য এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে মানিয়ে নেওয়াও কঠিন হয়ে উঠছে।