আজকাল ওয়েবডেস্ক: রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ লড়াইয়ের আগে ‘প্রথম আঘাত’টা করল ভারতের ইন্ডিয়া উইমেন্স-এ দল।
ব্যাংককে অনুষ্ঠিত উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ-এ ম্যাচে পাকিস্তান উইমেন্স এ-দলকে আট উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তিশালী জায়গায় নিয়ে এল ভারত এ।
আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সাত উইকেটে হারের পর চাপ নিয়েই এদিন খেলতে নেমেছিল ইন্ডিয়া এ মহিলা দল। তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে একবারও চাপে পড়েনি টিম ইন্ডিয়া।
বরঁ চাপকে আত্মবিশ্বাসে রূপান্তর করে তারা দারুণ বোলিং ও প্রভাবশালী ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। এদিন, উইমেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ-এ ম্যাচের লড়াইটি ছিল ব্যাংককের তের্দথাই ক্রিকেট গ্রাউন্ডে।
টস জিতে প্রথমে বোলিং করে শুরুতেই সাফল্য পায় ভারত এ। উদ্বোধনী ওভারেই সাইমা ঠাকুর আউট করেন ইউসরা আমিরকে। মিডল ওভারে রাধা যাদব ও প্রেমন রাওয়াতের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান এ দল।
কিছুক্ষণ পরপরই উইকেট পড়তে থাকায় কোনও ছন্দই পায়নি তারা। পাকিস্তান এ-র হয়ে শাওয়াল জুলফিকার সর্বোচ্চ ২৩ এবং গুল রুখ ২১ রান করেন।
তবে বড় পার্টনারশিপ তৈরি না হওয়ায় বড় রান করতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৯৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান এ। রাধা যাদব নেন ২/১১, সাইমা ঠাকুর ২/১৪ এবং প্রেমন রাওয়াত ২/১৬।
৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই হুমাইরা কাজির উইকেট হারিয়ে ধাক্কা খায় ভারত এ। কিন্তু দিনেশ বৃন্দা দ্রুত ম্যাচের রাশ নিজের হাতে নেন।
ডানহাতি এই ব্যাটার ২৯ বলে অপরাজিত ৫৫ রান করেন, যার মধ্যে ছিল ১২টি বাউন্ডারি। অনুষ্কা শর্মা ২৪ রান করে ইনিংস গুছিয়ে দেন, আর তেজল হাসাবনিসের ঝরঝরে ক্যামিওতেই কাজ শেষ করে ভারত।
মাত্র ১০.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে ৫৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ভারত এ। এই বড় জয়ে শুধু নেট রান রেটই বাড়েনি, আগের হারের ধাক্কাও কাটিয়ে উঠেছে দলটি।
অন্যদিকে পাকিস্তান এ গ্রুপ-এ তৃতীয় স্থানে নেমে গেল এবং নকআউটের দৌড়ে টিকে থাকতে এখন তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ।
