আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে পর্তুগাল। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিতে চলেছেন এই তারকা ফুটবলার, যা হয়তো তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ।
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে হবে ফুটবল বিশ্বকাপ। ব্যক্তিগত ও ক্লাব পর্যায়ে প্রায় সব খেতাব জেতা হয়ে গেলেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ এখনও অধরা রয়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাই সতীর্থরা চান, বিদায়ের আগে এই মর্যাদাপূর্ণ খেতাবটি তাঁর হাতেই উঠুক।
এবারের বিশ্বকাপে শক্তিশালী দল হিসেবেই বিবেচনা করা হচ্ছে পর্তুগালকে। আক্রমণ, মাঝমাঠ ও রক্ষণ, সব বিভাগেই ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে কোচ রবার্তো মার্টিনেজের দলে। মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ আশাবাদী। তাঁর মতে, রোনাল্ডোর অবদানের যথাযথ স্বীকৃতি দিতে পারবে দলটি।
এক অনুষ্ঠানে ইংল্যান্ডের প্রাক্তন তারকা ওয়েন রুনির সঙ্গে কথা বলার সময়ে ব্রুনো ফার্নান্দেজ বলেন, ''রোনাল্ডো যদি শেষ বিশ্বকাপ জিতে কেরিয়ার শেষ করতে পারে, তা হবে অসাধারণ অর্জন।''
তিনি মনে করেন, এটি শুধু পর্তুগালের জন্য নয়, বরং বিশ্ব ফুটবলের জন্যও একটি বিশেষ মুহূর্ত হবে।
৪১ বছর বয়স অতিক্রম করলেও রোনাল্ডো এখনও তাঁর স্বপ্নের পিছনে ছুটে চলেছেন। পেশাদার কেরিয়ারে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়েও এগিয়ে যাচ্ছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসেবে বিশ্বকাপ না জেতার আক্ষেপ এবার ঘোঁচাতে চান এই কিংবদন্তি।
রোনাল্ডো ইতিমধ্যে পাঁচবার ব্যালন ডি অর জিতেছেন এবং পর্তুগালকে ইুরো ২০১৬ ও উয়েফা নেশনস লিগ এনে দিয়েছেন।
আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। গ্রুপে পর্তুগালের সঙ্গে রয়েছে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।
















