আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দাবায় জয়জয়কার। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইতিহাস গড়েছে ভারতীয় দাবাড়ুরা। উৎসবের বাতাবরণ ভারতীয় দাবার অন্দরমহলে। বুধবার সেটা দ্বিগুণ বেড়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তাঁর বাসভবনে গেলেন ভারতের দাবা চ্যাম্পিয়নরা। নজির গড়ার পর দলের সবাইকেই শুভেচ্ছা জানিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। এবার সামনাসামনি দেখা করে জয়ীদের অভিনন্দন জানালেন। মোদির সঙ্গে দেখা করে আপ্লুত প্রজ্ঞানন্দ, বৈশালী, এরিগাইসি, হরিকা, তানিয়ারা। শুধু শুভেচ্ছা বিনিময়ে থেমে থাকেননি ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় দাবাড়ুদের সঙ্গে দাবাও খেলেন। মোদিকে একটি বিশেষ উপহার দেন ভারতীয় দাবাড়ু ভন্তিকা আগরওয়াল। ২০১০ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করেছিলেন তিনি। ২০১২ সালে গান্ধীনগরে মহিলাদের দাবা প্রতিযোগিতার আয়োজন করেন মোদি। সেখানে ৩৫০০ মহিলা দাবাড়ু অংশ নিয়েছিল। তারমধ্যে ছিলেন ভন্তিকা। সেই ইভেন্টের একটি ছবি এদিন প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। 

বুধবার মোদির বাসভবনে প্রজ্ঞানন্দ এবং এরিগাইসির মধ্যে একটি বুলেট চেস প্রতিযোগিতাও হয়। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী। ক্যাপশনে লেখেন, 'দুই গ্র্যান্ডমাস্টারের বুলেট চেস। দাবায় ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল।' প্রসঙ্গত, বুদাপেস্টে চেস অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ এবং মহিলা দল উভয়ই সোনা জিতেছে। বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই নজির গড়ে ভারত। এর আগে দাবা অলিম্পিয়াডের এক সংস্করণে মাত্র দুটো দেশই জোড়া সোনা জিতেছিল। এবার সেই তালিকায় যোগ হয় ভারতের নাম।