আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের অলরাউন্ডার মহম্মদ নওয়াজকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। আইসিসি-র ডোপ পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। পিসিবি  ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং শীঘ্রই আইসিসিকে রিপোর্ট জানানো হবে বলে জানা গিয়েছে।

টি-টোয়েন্টি চলাকালীন নিয়মিত পরীক্ষার সময়ে এই রিপোর্ট সামনে আসে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পাকিস্তানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। সুপার এইট পর্ব থেকেই বিদায় নিতে হয় দলকে। 

৩২ বছর বয়সী নওয়াজ ব্যাট হাতে পাঁচ ইনিংসে মাত্র ১৫ রান করেন এবং বল হাতে নেন ৭টি উইকেট।

এই ঘটনার প্রভাব পড়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি কেরিয়ারেও। ইংল্যান্ডের টি-টোয়েন্টি প্রতিযোগিতা টি-টোয়েন্টি খেলার জন্য তাঁর সঙ্গে সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের চুক্তি হওয়ার কথা ছিল।

কিন্তু ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর সেই চুক্তি ভেস্তে গিয়েছে। মে ২৬ থেকে জুলাই ১৮ পর্যন্ত চলা এই লিগে তাঁকে আর দেখা যাবে না।

বর্তমানে নওয়াজ খেলছেন পাকিস্তান সুপার লিগ ২০২৬-এ মুলতান সুলতান্সের হয়ে। তবে সেখানেও তাঁর পারফরম্যান্স ভাল নয়। চার ইনিংসে তিনি করেছেন মাত্র ৩৬ রান। 

বল হাতে নিয়েছেন ৬টি উইকেট, যেখানে তাঁর গড় ৩২.৬৬ এবং ইকোনমি রেট ১০.৮৮।

সব মিলিয়ে, মাঠের ভিতর ও বাইরে, দুই জায়গাতেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।