আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের যাত্রা শেষ হল হৃদয়বিদারক হার দিয়ে। শুক্রবার এলিমিনেটর-২ ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের কাছে মাত্র ২ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দলটি।
প্রথমে ব্যাট করে হায়দরাবাদ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন উসমান খান। জবাবে ইসলামাবাদ ইউনাইটেড শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৮৪ রানেই থেমে যায়। এই জয়ের ফলে হায়দরাবাদ কিংসমেন ফাইনালে জায়গা করে নেয়।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ইসলামাবাদ অধিনায়ক শাদাব খান ফাইনালের সম্ভাব্য জয়ী দল সম্পর্কে মতামত দেন। তিনি বাবর আজমের পেশোয়ার জালমিকে সমর্থন জানিয়ে বলেন, ''আমি চাই বাবর ট্রফি জিতুক। দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে ও। যদিও হায়দরাবাদ কিংসমেন যেভাবে খেলছে, মনে হচ্ছে এই মরশুমে অলৌকিক কিছু করছে।''
ম্যাচের পরাজয় নিয়ে আত্মসমালোচনা করে শাদাব বলেন, দলের ডেথ ওভারের বোলিং বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ''শুরু থেকে আমরা কিছু ছোট ছোট ভুল করেছি, যা শেষে বড় হয়ে দাঁড়ায়। ডেথ বোলিং পুরো টুর্নামেন্টেই ভালো ছিল না, আজও একই সমস্যা হয়েছে। আমরা প্রায় ১০-১৫ রান বেশি দিয়ে ফেলেছি'', বলেন তিনি।
ব্যাটিং প্রসঙ্গে তিনি আরও বলেন, ''গুরুত্বপূর্ণ সময়ে উইকেট পড়েছে। বিশেষ করে আমি নিজে আরও ভাল খেলতে পারতাম এবং ইনিংসটা এগিয়ে নিয়ে যেতে পারতাম।''
পুরো টুর্নামেন্ট নিয়ে সন্তোষ প্রকাশ করে শাদাব জানান, দলের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল দারুণ। তিনি বিশেষভাবে সামীরের প্রশংসা করে বলেন, ''আমরা জানতাম ও অত্য়ন্ত প্রতিভাবান, কিন্তু চাপের মধ্যে বড় মঞ্চে যেভাবে খেলেছে, তা অসাধারণ।''
আগামী রবিবার ফাইনালে মুখোমুখি হবে হায়দরাবাদ কিংসমেন ও বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি।















