আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তান সুপার লিগ নিয়ে হাজারো সমস্যা। পাক–আফগান সংঘর্ষের পর পরিস্থিতি অনেক বদলেছে। আর তাই একাধিক নিয়ম জারি হয়েছে পিএসএলে।


এত বিধিনিষেধের মধ্যে জানা গিয়েছে, পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটারদের হুমকি দিয়েছে পাকিস্তানের এক জঙ্গি সংগঠন। তাঁদের খেলতে যেতে নিষেধ করা হয়েছে।


‘তেহরিক ই তালিবান পাকিস্তান’–এর নেতা জামাত উল আহরার এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‌আমরা বিশ্বের বাকি সব ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাই। দয়া করে আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না। যদি কারও সঙ্গে কিছু হয়, তা হলে আমাদের কোনও দায় থাকবে না। খেলতে এলে বিপদ হবে।


তিনি স্পষ্ট করে দিয়েছেন, কিছুতেই যাতে পাকিস্তান সুপার লিগ না হয়, সেটা নিশ্চিত করবেন তাঁরা। তাঁর কথায়, ‘‌যাতে পাকিস্তান সুপার লিগ না হয়, তার সব চেষ্টা আমরা করব। সেই কারণে ক্রিকেটারদেরও সতর্ক করা হচ্ছে। কেউ খেলতে আসবেন না।’‌


এটা ঘটনা, পাকিস্তান সুপার লিগে এবার খেলা বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো তারকা রয়েছেন। ওয়ার্নার করাচি কিংসের অধিনায়ক। স্মিথ রয়েছেন মুলতান সুলতানসে। এছাড়া মার্নাস লাবুশেন, মইন আলি, ডেভন কনওয়ে, অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটারও রয়েছেন এবারের লিগে। তাঁদের প্রত্যেককে সতর্ক করেছেন আহরার।


প্রসঙ্গত, ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা এবারের পাকিস্তান সুপার লিগ। আইপিলের ঠিক দু’‌দিন আগে। ফাইনাল ৩ মে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে জ্বালানি সঙ্কট দেখা গিয়েছে। ফলে প্রতিযোগিতা ছয় শহরের বদলে দুই শহরে হবে। দর্শকশূন্য স্টেডিয়ামে হবে খেলা। কিন্তু হুমকির পর পিএসএল হবে তো?‌ এই প্রশ্ন উঠে গিয়েছে।