আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত। চোটের কারণে একাধিক নিয়মিত ক্রিকেটার অনুপস্থিত থাকায় অভিজ্ঞ ও নতুন মুখের মিশেলে দল গড়েছে নির্বাচক কমিটি।

দলের নেতৃত্বে থাকছেন শুভমান গিল, সহ-অধিনায়ক করা হয়েছে কেএল রাহুলকে। চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজে দলে নেই অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। উরুর চোটের জন্য তিনি এখনও মাঠের বাইরে।

একইভাবে দীর্ঘদিন পর ফিরেও ফের চোটে পড়ায় নির্বাচনের বাইরে রয়েছেন পেসার হর্ষিত রানা। এদিকে যশপ্রীত বুমরা এবং সাই সুদর্শনকে দলে রাখা হলেও তাঁদের খেলা নির্ভর করবে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সের ফিটনেস ছাড়পত্রের উপর।

বুমরা সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে ফিরেছেন। আইপিএলের পর তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল এবং আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও তিনি খেলেননি।

সূত্রের খবর, ৩০ জুলাই পর্যন্ত বিশ্রামে থাকবেন তিনি। এরপর তাঁর মেডিক্যাল চেক আপ করা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে টেস্ট দলে খেলানো হবে কি না। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে রিহ্যাবে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।

যে কারণে প্রথম টেস্টের জন্য তাঁকে দলে রাখা হয়নি। উইকেটকিপার হিসেবে দলে রয়েছেন ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল। পেস বিভাগে ভরসা রাখা হয়েছে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনুর ব্রারের ওপর।

তবে সবচেয়ে বড় চমক সারাংশ জৈন। ৩৩ বছর বয়সি মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।

ইন্দোরের বাসিন্দা সারাংশ ২০১৪-১৫ মরশুমে মধ্যপ্রদেশের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ৫৪টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলে তিনি ৩১.৭৫ গড়ে দু’হাজারের বেশি রান করেছেন।

পাশাপাশি, অফ-স্পিন বলও করতে পারেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৮৮টি উইকেট রয়েছে তাঁর। ব্যাট ও বল দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সের জন্য ঘরোয়া ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত মুখ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টেস্ট দল:

শুভমান গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, দেবদূত পাড়িক্কল, সারাংশ জৈন।