আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানি স্পিনার উসমান তারিককে নিয়ে ফের বিতর্ক। তাঁর বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা নতুন কিছু নয়। এবার সেই বিতর্কে যুক্ত হল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারিল মিচেলের নাম।

পাকিস্তান সুপার লিগে তারিকের থেমে থেমে বোলিংয়ের প্রতিবাদে দু' বার উইকেট ছেড়ে সরে দাঁড়ান মিচেল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে হস্তক্ষেপ করতে হয় আম্পায়ারকে। 
পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হয় রাওয়ালপিন্ডিজ। রান তাড়া করতে নেমে রাওয়ালপিন্ডিজের ইনিংসের নবম ওভারে বল করতে আসেন তারিক।

ওভারের দ্বিতীয় বলে মিচেল সুইপ করে এক রান নিলেও শটটি তাঁর মনমতো হয়নি। চতুর্থ বলের সময়ে তারিক যখন স্বভাবসুলভভাবে মাঝপথে থেমে ডেলিভারি করতে উদ্যত হন, তখন হঠাৎ করেই সরে দাঁড়ান মিচেল। পরের বলেও একই ঘটনা ঘটে।

?ref_src=twsrc%5Etfw">April 10, 2026

পরপর দু'বার এমন হওয়ায় আম্পায়ার দ্রুত এগিয়ে গিয়ে মিচেলের সঙ্গে কথা বলেন। ঘটনার পর খেলা স্বাভাবিক হয়। তারিক আগের মতোই বোলিং করেন এবং মিচেলও স্বাভাবিকভাবে খেলেন। ম্যাচে তারিকের আরও তিনটি বল খেলেন মিচেল, যার কোনওটিতেই এক রানের বেশি নিতে পারেননি কিউয়ি ব্যাটার।

শেষ পর্যন্ত ৩২ বলে ৩০ রান করে আউট হন মিচেল। তারিক ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ১টি উইকেট নেন। ম্যাচটি জিতে নেয় কোয়েটা গ্লাডিয়েটর্স। টানা পাঁচ ম্যাচ হারল রাওয়ালপিন্ডিজ।