আজকাল ওয়েবডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা তুঙ্গে, তখন ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি এক অভিনব সঙ্গীত শ্রদ্ধার্ঘ্য নিয়ে হাজির হলেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত পারকাশন শিল্পী, সঙ্গীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা অভিষেক বসু।

তাঁর নতুন গান ‘সেলেসাও অন সং’ ইতিমধ্যেই ফুটবল ও সঙ্গীতমহলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। অভিষেক বসুর সুর ও ভাবনায় নির্মিত এই বিশেষ সঙ্গীতের সহ-সুরকার প্রয়াত শিল্পী চন্দ্রচূড় মুখার্জি। 

গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। ফুটবল অ্যান্থেম, লাতিন আমেরিকান ছন্দ, ভারতীয় পারকাশন এবং আধুনিক সাউন্ডস্কেপের সমন্বয়ে তৈরি এই অ্যান্থেম ব্রাজিলের সমৃদ্ধ ফুটবল ঐতিহ্যের পাশাপাশি বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আবেগ, সাংস্কৃতিক বন্ধন এবং মানবিক ঐক্যের বার্তাকে তুলে ধরবে।

ভারতে বহু প্রজন্ম ধরেই ফুটবল সমর্থকদের কাছে ব্রাজিল শুধুমাত্র একটি দল নয়, বরং এক আবেগের নাম। সেই আবেগকেই আন্তর্জাতিক মঞ্চে সঙ্গীতের ভাষায় প্রকাশ করার প্রয়াস নিয়েছেন অভিষেক বসু।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ফুটবল এবং সঙ্গীত দুটোই মানুষের আবেগকে এক সুতোয় বেঁধে রাখতে পারে। ব্রাজিলের ফুটবল দর্শন, তাদের ছন্দ, শক্তি এবং বিশ্বজুড়ে সমর্থকদের ভালোবাসা আমাকে এই সঙ্গীত তৈরিতে অনুপ্রাণিত করেছে।’

তবে এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রয়াত শিল্পী চন্দ্রচূড় মুখার্জীর সৃজনশীল স্মৃতি। ফলে ‘সেলেসাও অন সং’ শুধুমাত্র একটি ফুটবল অ্যান্থেম নয়, বরং এটি এক শ্রদ্ধাঞ্জলিও বটে।

উল্লেখ্য, ভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে অভিষেক ইতিমধ্যেই একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মান অর্জন করেছেন।

তাঁর প্রাপ্ত পুরস্কারের তালিকায় রয়েছে দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড, ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড, ইন্ডিফেস্ট ক্যালিফোর্নিয়া বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড, আমেরিকান ট্র্যাক মিউজিক অ্যাওয়ার্ডস (লস অ্যাঞ্জেলেস), কলাকার অ্যাওয়ার্ডসহ আরও বহু সম্মান। আগামী ১১ জুন ২০২৬ থেকে ‘সেলেসাও অন সং’ বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।