আজকাল ওয়েবডেস্ক: আট দিন আগেই মহমেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। দায়িত্ব নিয়েই হুমায়ুন কবীর জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যেই নতুন কমিটি গঠন করা হবে। সোমবার মহমেডানের নতুন সচিব এবং দুই আইনি পরামর্শদাতার নাম ঘোষণা করা হয়। সচিব পদে নিযুক্ত হলেন তরুণ ব্যবসায়ী ওয়াসিম আক্রম। দুই পরামর্শদাতা ফিরদৌস শামিম এবং মহম্মদ জাহিরুল ইসলাম। জানানো হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে। দায়িত্ব নিয়েই আইএসএল খেলার আশ্বাস দেন মহমেডানের নতুন সচিব। ওয়াসিম আক্রম জানান, আই লিগ চ্যাম্পিয়ন হওয়া দলের আইএসএল খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অর্থাৎ, ডায়মন্ড হারবারের কথা বলতে চেয়েছেন তিনি। তাঁরা না খেলতে পারলে, সুযোগ পাবে রানার্স আপ দল। কিন্তু শিলং লাজংয়ের আইএসএল খেলার আর্থিক সামর্থ্য নেই। সেই সুযোগে অবনমনের আওতায় পড়া মহমেডানের সামনে আচমকা সুযোগ এসে যেতে পারে। জানানো হয়, এই মর্মে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়, ফিফায় একটি নির্দিষ্ট অর্থ জমা দিয়েও আইএসএল খেলার যোগ্যতা অর্জন করা যেতে পারে। তবে সবেতেই প্রশ্নচিহ্ন রয়েছে। এখনও ডায়মন্ড হারবার ক্লাবের পক্ষ থেকে আইএসএল না খেলার কথা জানানো হয়নি।

মহমেডানের পুরোনো কমিটির সদস্যরা পদত্যাগ করছে। সম্পূর্ণ নতুন কমিটি গঠন করা হবে। তাতে পুরোনো কমিটির কাউকে রাখা হবে কিনা, সেই নিয়ে কিছু জানানো হয়নি। ফুটবল সচিব পদে দীপেন্দু বিশ্বাসই থাকবেন, নাকি অন্য কাউকে নতুন দায়িত্ব দেওয়া হবে, সেই নিয়েই মহমেডানের নতুন কর্তারা কিছু বলতে চাননি। তবে নতুন করে আর্থিক এবং কর্পোরেট দিকটি পুনর্গঠনের কথা জানানো হয় এদিনের বৈঠকে। ক্লাবের দুটো অ্যাকাউন্ট আছে। একটি সোসাইটি অ্যাক্ট অনুযায়ী, অন্যটি প্রাইভেট লিমিটেড। দুটো অ্যাকাউন্টই বিলীন হয়ে যাবে। নতুন করে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা হবে। সেই কারণে পুরোনো কর্তাদের থেকে মেমোরানডম অফ অ্যাসোসিয়েশন চেয়ে পাঠানো হয়েছে। জানানো হয়, আগের কোম্পানির সকলেই ট্রাস্টিকে পদত্যাগপত্র জমা দিয়েছে। সভাপতি এবং সচিব মিলে ক্লাবের নতুন কমিটি গঠন করবে। ইতিমধ্যেই কমিটিতে দু'জন পরামর্শদাতা নিয়োগ করা হয়েছে। কমিটির সদস্যদের মতোই সমান অধিকার থাকবে দুই পরামর্শদাতার। 

ক্লাবে সাফল্য এবং স্বচ্ছতা আনার আশ্বাস দেন হুমায়ুন কবীর। পাশাপাশি দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্যার সমাধান করে, মহমেডানকে বাকি দুই প্রধানের সারিতে নিয়ে যেতে চান ক্লাবের সভাপতি। হুমায়ুন কবীর বলেন, 'আমরা দ্রুত জমে থাকা সমস্যার সমাধান করব। ময়দানের তিন বড় ক্লাবের মধ্যে মহমেডান পড়ে। ক্লাবের মর্যাদা যাতে থাকে, সেদিকে নজর দেব। যেকোনো টুর্নামেন্টে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। কোনও কার্পণ্য করব না। ত্রুটি রাখব না। ক্লাবের আবেগের মর্যাদা দেব। সমর্থক, লাইফ মেম্বার, কার্যকরী কমিটির সদস্য, ফুটবলপ্রেমী দর্শক, সমস্ত স্তরের মানুষকে আমরা সম্মান দেব। যাতে কারোর সম্মানে আঘাত না হয়, সেদিকে নজর রাখা হবে। আমরা নতুন করে ক্লাবের অ্যাকাউন্ট খুলছি। কোথা থেকে ফান্ড আসছে, সব কিছু স্বচ্ছতার সঙ্গে জানানো হবে। ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য যা করার, আমরা করব।' কয়েকদিনের মধ্যেই নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এছাড়াও একটি নতুন বিষয় চালু করতে চলেছে নতুন কমিটি। ক্লাবের বাইরে রাখা থাকবে 'সাজেশন বক্স' । সমর্থকরা পরামর্শ দিতে পারবে। ইমেল করেও পরামর্শ জানানো যাবে। সামনেই কলকাতা লিগ। চলতি মাসের শেষদিক থেকে শুরু হওয়ার কথা। এদিন মহমেডান মাঠ পরিদর্শনে আসেন পিডব্লুডি এবং পুলিশের আধিকারিকরা। মাঠ, গ্যালারি ঘুরে দেখেন।