আজকাল ওয়েবডেস্ক: আইসিসির হল অফ ফেমে জায়গা করে নিলেন ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তনী নীতু ডেভিড। পাশাপাশি হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন এবি ডি ভিলিয়ার্স ও অ্যালিস্টার কুক।
এই নিয়ে দ্বিতীয় ভারতের কোনও মহিলা ক্রিকেটার আইসিসির হল অফ ফেমে জায়গা পেলেন। প্রথম নামটি ছিল ডায়না এডুলজি। দ্বিতীয় নীতু ডেভিড। যিনি বর্তমানে মহিলাদের ক্রিকেটে নির্বাচক কমিটির চেয়ারম্যান।
প্রসঙ্গত, দেশের হয়ে ৯৭ ওয়ানডে ও দশটি টেস্ট খেলেছেন ডেভিড। বাঁহাতি স্পিনারের টেস্টে সেরা বোলিং ৮/৫৩ এখনও দেশের সেরা। এছাড়া ৪৭ বছরের ডেভিড দেশের হয়ে একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। নিয়েছেন ১৪১ উইকেট। পাশাপাশি দেশের প্রথম মহিলা ক্রিকেটার যিনি ৫০ ওভারের ক্রিকেটে প্রথম ১০০ উইকেট নিয়েছিলেন।
২০০৫ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন ডেভিড। সেবারই ভারত প্রথম ফাইনালে উঠেছিল। কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০০৬ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে দু’বছর পর তিনি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন।
এদিকে আইসিসির হল অফ ফেমে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের অ্যালিস্টার কুক। কুক ইংল্যান্ডের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৮ সালে তিনি অবসর নেন। আর ১৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে দেশের হয়ে ২০ হাজারের বেশি রান করেছেন এবিডি।
















