আজকাল ওয়েবডেস্ক:‌ ট্রাফিক আইন ভাঙলেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির বাইক প্রেম কারও অজানা নয়। সেই মোটরবাইক চালাতে গিয়েই এবার ট্রাফিক আইন ভাঙলেন দেশের প্রাক্তন অধিনায়ক। রাঁচিতে নিজের বাড়ির কাছের একটি ট্রাফিক সিগন্যালে ধরা পড়েছে যে, ধোনি ট্রাফিক আইন ভেঙেছেন। ফলে অনলাইনে জরিমানা করা হয়েছে তাঁকে।


‘মোটর ভেহিক্যালস অ্যাক্ট’–এর ১৮৩ নম্বর ধারায় ধোনিকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। ধোনির বাড়ির কাছে একটি সিগন্যালে গতি মাপার যন্ত্র রয়েছে। সেখানেই ধরা পড়ে যে নির্ধারিত গতির থেকে বেশি গতিতে বাইক চালাচ্ছিলেন তিনি। ফলে জরিমানা করা হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে।


কয়েকদিন আগেই জমি নিয়ে বিতর্কে জড়িয়েছেন ধোনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাঁচিতে বাড়ি তৈরি করার জন্য সরকারের দেওয়া জমি অপব্যবহার করেছেন। ধোনিকে নোটিশ পাঠিয়েছে ঝাড়খণ্ড হাউজিং বোর্ড।


ধোনিকে নোটিশ পাঠানোর কথা ঝাড়খণ্ড হাউজিং বোর্ডের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়েছিল। চেয়ারম্যান সঞ্জয় লাল পাসোয়ান জানিয়েছিলেন, রাঁচিতে ধোনিকে জমি দেওয়া হয়েছিল বাড়ি তৈরির জন্য। বসতি এলাকায় ওই জমি দেওয়া হয়েছিল শর্তসাপেক্ষে। বলা ছিল, ওই জমিতে শুধু বসবাসের জন্য বাড়ি তৈরি করা যাবে। ব্যবসায়িক বা অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। কিন্তু শর্ত ভেঙে ধোনি সেই জমিটি ব্যবসায়িক কাজেই ব্যবহার করছেন। একই কারণে আরও অনেককে নোটিশ দেওয়া হয়েছিল।


পাসোয়ান জানিয়েছিলেন, সম্প্রতি হাউজিং বোর্ডের তদন্তে জমি অপব্যবহারের বিষয়টি ধরা পড়েছে। যাঁদের নোটিশ দেওয়া হয়েছে, তাঁদের উত্তর যথাযথ এবং যুক্তিসঙ্গত না হলে জমির মালিকানা বাতিল করা হতে পারে। যদিও হারমু রোডের ওই জমিতে তৈরি বাড়িতে এখন থাকেন না ধোনি। তিনি থাকেন রিং রোডের নতুন বাড়িতে। ওই জমিতে চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।


তবে এই বিতর্কের মাঝেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। গত রবিবার থেকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নেমে পড়েছেন তিনি।