আজকাল ওয়েবডেস্ক: এক বা দুটো নয়। গুণে গুণে ২৩ গোল। মোহনবাগান দিল মহমেডানকে। সবুজ মেরুনের অনূর্ধ্ব–১৪ দলের এই নজির বেশ তাক লাগানোর মতোই।
বুধবার ফেডারেশনের অনূর্ধ্ব–১৪ সাব জুনিয়র ইউথ লিগে মহমেডান স্পোর্টিংয়ের মাঠে শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে শাকিল শেখ, দর্পণ হাতিবড়ুয়া, সিদু সোরেনরা। খেলা শুরুর প্রথম মিনিটেই দর্পণের গোলে এগিয়ে যায় মোহনবাগান। সেই শুরু। তারপর আর ফিরে তাকাতে হয়নি। একেবারে ২৩ গোল দিল বাগানের অনূর্ধ্ব–১৪ দল।। এর মধ্যে নিজেই ৮ গোল করে অনুব্রত বাউল দাস। ৬ গোল দর্পণের। দুটি করে গোল সিদু সোরেন, অধিনায়ক সাগ্নিক কুণ্ডু ও কার্তিক হেমব্রমের। একটি করে গোল করেছে জিয়ন হাঁসদা, যিশু চক্রবর্তী ও শেখ সাকিবউদ্দিন।
এটা ঘটনা, ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জেতার রেকর্ডটি হল ৩৬–০ গোলের। ১৮৮৫ সালে স্কটিশ কাপে বন একর্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিল আর্ব্রোথ। আর আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ডটা অস্ট্রেলিয়ার নামে। ২০০১ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সামোয়াকে ১৩ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
আর আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড অজি ফুটবলার আর্চি থম্পসনের দখলে। সামোয়ার বিরুদ্ধে সেই ম্যাচে একাই করেছিলেন ১৩ গোল।
