আজকাল ওয়েবডেস্ক: শনিবার আইএসএলে ইস্টবেঙ্গলের বড় জয়ের দিনই ব্যর্থতার গল্প লিখল লাল-হলুদের হকি দল।
কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে ইস্টবেঙ্গলকে ১-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। চ্যাম্পিয়ন হওয়ার পরে মোহনবাগানের প্রেসিডেন্ট দেবাশিস দত্ত লাল-হলুদ ব্রিগেডকে খোঁচা দিয়ে বলেন, ''ওদের ব্যাড প্যাচ চলছে।'' তার পরেই দেবাশিস দত্তর হুঙ্কার মোহনবাগান যাই খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে।
এর আগে গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল ইস্ট-মোহন। সেই সাক্ষাতেও মোহনবাগান ৪-১ গোলে জিতেছিল।
বিরতির সময় মোহনবাগান অভ্রান সুদেব ও রোহিত মোহিলের গোলে এগিয়ে ছিল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন অতুল দীপ। মহম্মদ রাহিল মোহনবাগানের হয়ে ৩-১ করেন।
দেবাশিস দত্তকে বলতে শোনা যায়, হকি আর ক'জন বাঙালি ছেলে খেলে। মোহনবাগান এবার হকি অ্যাকাডেমি খুলবে। নইলে বাইরে থেকে হকি খেলোয়াড় এনে জিতলে কি বাংলার হকির উন্নতি হবে? বাংলা হকিতে কোন জায়গায় রয়েছে? সেই জন্য হকিতে বাংলার উন্নতি ঘটাতে হলে মোহনবাগানকেই এগিয়ে আসতে হবে। মোহনবাগান যদি চেষ্টা না করে তাহলে কে করবে?
লাল-হলুদকে খোঁচা দিয়ে দেবাশিস দত্ত বলেন, এখন যেখানেই ইস্টবেঙ্গলের সঙ্গে সাক্ষাৎ হয়, সেখানেই আমরা ওদের হারাই। ওদের দুর্ভাগ্য। ওদের ব্যাডপ্যাচ দীর্ঘদিন ধরে চলছে।















