আজকাল ওয়েবডেস্ক: চাপা উত্তেজনা, শেষ মুহূর্তের প্রস্তুতির ফাঁকে সকলেই মুখেই হাসি। কারণ, শনিবার থেকে অবশেষে এবারের মরশুমে ভারতীয় ফুটবল শুরু হচ্ছে।
শনিবার বিকেলে যুবভারতীতে ডিফেন্ডিং আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নামছে কেরালা ব্লাস্টার্স। তার আগে এদিন সাংবাদিক সম্মেলনে বাগান কোচ সার্জিও লোবেরা একপ্রকার ঘোষণা করেই রাখলেন, এবারেও চ্যাম্পিয়ন মোহনবাগানই।
তবে সাবধানের মার নেই, কেরালা ম্যাচ নিয়ে ফুটবলারদের সতর্ক করেই রাখছেন বাগান কোচ। এদিন তিনি বললেন, ‘আমরা জানি ভুলের কোনও জায়গা নেই। কাগজে কলমে হয়তো আমরা ফেভারিট। কিন্তু ফুটবলে যা খুশি হতে পারে। কেরালা ভাল দল, ওদের বিদেশিদের বিরুদ্ধেও আমরা আগে খেলিনি। তবে আমাদের অনুশীলন ভাল হয়েছে। মোহনবাগান তৈরি হয়েই নামবে।’
মরশুমের প্রথম ম্যাচের আগেই এদিন নিজের লক্ষ্য সাফ জানিয়ে দেন সার্জিও। বলেন, ‘আমরা শুধু আমাদের কাজটা করব, ফোকাস পুরোপুরি খেলায় রয়েছে। কেরালাও উচ্চ স্তরের ফুটবল খেলবে। তবে আমাদের লক্ষ্য থাকবে লিগ টেবিলে সবার ওপরে শেষ করা।’
ডুরান্ড কাপ, আইএফএ শিল্ডের তুলনায় বর্তমানে মোহনবাগান দল অনেক ফিট। অন্যান্য দল যেখানে দু’সপ্তাহ অনুশীলন করে টুর্নামেন্টে নামছে সবুজ মেরুন ব্রিগেড সেখানে দু’মাসের ওপর অনুশীলন করেছে।
বেশ কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে। লোবেরা জানান, ‘আমাদের দল ভাল, অনুশীলনও ভাল হয়েছে। টুর্নামেন্ট শুরু হওয়ায় ফুটবলাররা খুশি। সবার জন্যেই কঠিন মরশুম হবে।’
চলতি মরশুমে আইএফএ শিল্ড জয় ছাড়া খুব একটা ভাল যায়নি মোহনবাগানের। ডুরান্ড কাপে ডার্বি হারতে হয়েছে, সুপার কাপেও নক আউটে উঠতে পারেনি বাগান। কিন্তু অতীত নিয়ে ভাবছেন না সার্জিও।
বললেন, ‘অতীতে কী হয়েছে ভুলে যেতে চাই। আমি আসার পর আমার মতো করে দলকে অনুশীলন করিয়েছি। দলের থেকে কোন ধরনের ফুটবল চাই সেটাও পরিষ্কার জানিয়ে দিয়েছি।’
লোবেরা আরও বলেন, ‘আমাদের কাজের একটা বড় লক্ষ্য সমর্থকদের মুখে হাসি ফোটানো। এতদিন ধরে সমর্থকদের জন্যই অপেক্ষা করছিলাম। আশা করছি কাল যারা আসবেন তারা হাসিমুখে ফিরবেন।’
ক্লাব সূত্রে জানা গেল, ব্যাপক পরিমাণে টিকিট বিক্রি হয়েছে। শনিবারের ম্যাচে প্রায় ৪০ থেকে ৫০ হাজার দর্শক হওয়ার সম্ভাবনা।
পেত্রাতোস বললেন, ‘নতুন করে বিশ্বাস ফিরে পেয়েছি। ফুটবল মরশুম শুরু হওয়ায় আমরাও খুশি। কোচ বলেছেন, আমাদের দল ভাল। কে শুরু করছে সেটা বড় কথা নয়। অতীত আর মনে রাখতে চাইছি না। সামনের দিকে চোখ রেখে এগোব।’
তবে কেরালা কোচ ডেভিড কাটালা সতর্ক করে দিয়ে গেলেন, তাঁরাও জয়ের লক্ষ্য নিয়েই নামবে। তিনি বললেন, ‘এই মোহনবাগান গত মরশুমের তুলনায় অন্য পরিকল্পনা নিয়ে খেলবে। পজেশনাল ফুটবল খেলবে মোহনবাগান। বিদেশিরা শক্তিশালী, সেটপিসেও শক্তিশালী।’
