আজকাল ওয়েবডেস্ক: কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছিল। আনুষ্ঠানিকভাবে তাতে সিলমোহর পড়ল। ভারতীয় ফুটবলের সবথেকে গতিশীল উইঙ্গার লালিয়ানজুয়ালা ছাংতেকে সই করিয়ে দলবদলের বাজারে চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে ভারতীয় দলের সেরা অ্যাটাকিং মিডিও। দুরন্ত গতির সঙ্গে হঠাৎই কাট করে ভিতরে ঢুকে গোল করা এবং করানোয় দক্ষ ছাংতে ভারতীয় ফুটবলে পরিচিত 'মিজো ফ্ল্যাস' হিসাবে। দৌড়ের সময় তাঁর গতি ঘন্টায় ৩৮ কিলোমিটারের বেশি থাকে বলেই এই নামে পরিচিত ছাংতে। মোহনবাগানে সই করার পর তারকা ফুটবলার জানান, বরাবরই কলকাতায় খেলার স্বপ্ন ছিল। এবার সবুজ মেরুনে সেটা বাস্তবায়িত হবে। মোহনবাগানের জার্সি গায়ে না চাপালে, ফুটবলার জীবন পরিপূর্ণতা পেত না। 

ছাংতে বলেন, 'ভারতের যেকোনও ফুটবলারের মনেই সবুজ মেরুন জার্সি পরে খেলার স্বপ্ন থাকে। ছোটবেলা থাকেই ভাবতাম কলকাতায় যদি খেলি, তাহলে মোহনবাগানেই খেলব। সেই স্বপ্ন পূরণ হল। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও মোহনবাগানকে বেছে নেওয়ার কারণ ঐতিহ্য এবং সাফল্যের নিরিখে এটাই দেশের সেরা ক্লাব। এশীয় পর্যায়েও এই ক্লাবের নাম সবাই জানে। এখনও পর্যন্ত যে সম্মান এবং সাফল্যই ফুটবলার জীবনে পেয়ে থাকি না কেন, কলকাতার মোহনবাগানে না খেললে আমার ফুটবল জীবনই অসম্পূর্ণ থেকে যেত। তাই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে যাই। মোহনবাগানের বিরুদ্ধে বহুবার খেলেছি। যুবভারতীতে খেলতে নেমে সবুজ মেরুন সমর্থকদের ক্লাবের প্রতি আবেগ এবং ভালবাসা দেখেছি। ভারতের আর কোনও ক্লাবে এটা দেখতে পাইনি।' 

মরশুমের প্রথম ডার্বিতে খেলতে পারেননি। কিন্তু আইএসএলের বড় ম্যাচে নামার জন্য মুখিয়ে আছেন। তার আগে অবশ্য ডুরান্ড কাপেও আরও একটি ডার্বির সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে ছাংতে বলেন, 'কলকাতায় কখনও না খেললেও কলকাতার ডার্বি নিয়ে আমি বরাবরই খুব আগ্রহী। ছোটবেলা থেকেই আমি ডার্বি দেখি। প্রায় সব ডার্বি দেখেছি টিভিতে। আসাধারণ একটা পরিবেশ থাকে মাঠে। যা বিশ্ব ফুটবলে দেখে আমরা অভ্যস্ত। মাঠ ভর্তি সমর্থকের সামনে সেই ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। এটা শুধু এশিয়ার নয়, বিশ্ব ক্লাব ফুটবলের সেরা ম্যাচ। কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের আইকনিক ম্যাচ। সেখানে এবার খেলব ভেবেই আমি রোমাঞ্চিত। শুধু এই ম্যাচটা জেতার জন্য আমি জীবন বাজি রাখতে প্রস্তুত।'

মুম্বই সিটি এফসির জার্সি গায়ে গত চার বছরে তিনি গতিতে প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়ার পাশাপাশি গোলও করেছেন প্রচুর। গত আইএসএলে ১৩ ম্যাচে করেছেন ৪ গোল। মুম্বইয়ের হয়ে ছাংতে সব মিলিয়ে ৯১ ম্যাচ খেলে ৩০ গোল করেছেন। জিতেছেন লিগ শিল্ড। ভারতের জাতীয় দলের অপরিহার্য মিডিও দেশের হয়ে খেলেছেন ৫৫ ম্যাচ। করেছেন ৯ গোল। মিজোরামের ২৯ বছরের ছাংতে মোহনবাগানে যোগ দেওয়ায় প্যানোসের দলের মাঝমাঠের শক্তি আরও বাড়ল।