আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ফুটবল লিগে জয়ে ফিরল মোহনবাগান। রবিবার নিজেদের মাঠে কালীঘাট মিলন সংঘকে ৩-০ গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল সবুজ-মেরুন শিবির।

তবে ডুরান্ড কাপের কথা মাথায় রেখে এদিন একপ্রকার আইএসএলের দলই নামিয়ে দিয়েছিল সবুজ মেরুন। কে নেই সেখানে! তেকাঠির তলায় বিশাল কাইথ, ডিফেন্সে রাহুল ভেকে, দীপেন্দু বিশ্বাস, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, কিয়ান নাসিরি, সায়ন ব্যানার্জিরা নেমেছিলেন এদিন।

সিনিয়র দলের নতুন হেড কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস মাঠে উপস্থিত ছিলেন এদিন। তবে শুরু থেকে বলের দখলে ক্ষেত্রে এগিয়ে থাকলেও গোল আসছিল না। প্রথমার্ধে একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

পাশাপাশি একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট করেন সবুজ-মেরুন ফুটবলাররা। অন্যদিকে কালীঘাটের গোলরক্ষক রঞ্জন সোরেন একের পর এক দুর্দান্ত সেভ করেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় মোহনবাগান।

কোচ বাস্তব রায় মনবীর সিংকে মাঠে নামানোর পর আক্রমণে গতি আসে। অবশেষে ৭৪ মিনিটে গোল পায় মোহনবাগান। পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর সিং।

৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তন্ময় ঘোষ। বক্সের বাইরে থেকে তাঁর জোরালো শট কালীঘাট গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়িয়ে যায়। সেখান থেকে আর ম্যাচে ফেরার সম্ভাবনা ছিল না কালীঘাটের কাছে।

এর মাত্র দু’মিনিট পরই ব্যবধান ৩-০ করেন দীপেন্দু বিশ্বাস। কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে সুযোগ কাজে লাগিয়ে গোল করে জয়ে শেষ সিলমোহর দেন তিনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মোহনবাগান।

এই জয়ের ফলে তিন ম্যাচে মোহনবাগানের সংগ্রহ দাঁড়াল ৭ পয়েন্ট। তবে ডুরান্ড কাপের আগে সিনিয়র দলের ফিটনেস নিয়ে চিন্তায় থাকবে বাগান শিবির। এদিন যদিও বাগানের নতুন কোচ প্যানোস খেলা দেখলেন। সুযোগকে গোল কনভার্ট করা নিয়েও ভাবতে হবে তাঁকে।