আজকাল ওয়েবডেস্ক: চলতি আইএসএলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একনম্বরে জ্বলজ্বল করছে ইউসেফ এজ্জেজারির নাম। জেমি ম্যাকলারেনকে ছাপিয়ে গিয়েছেন। রবিবার ইস্টবেঙ্গলের তারকা স্ট্রাইকারকে আটকানোর গুরুদায়িত্ব অ্যালবার্তো রডরিগেজের ওপর। তারসঙ্গে রয়েছেন মিগুয়েল। এই জুটির ওপর ভর করেই চলতি মরশুমে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। এজ্জেজারিকে রোখার কোনও বিশেষ কল্পনা রয়েছে বাগান রক্ষণে? অ্যালবার্তোর দাবি, কাউকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে না। দল হিসেবেই ইস্টবেঙ্গলকে আটকাতে চায়। বলেন, 'আমাদের প্রস্তুতিতে কোনও পরিবর্তন নেই। কে গোল করছে সেটা নিয়ে আলাদা করে ভাবি না। আমরা ১০০ শতাংশ ফোকাসড থাকার চেষ্টা করি। তবে ভাল স্ট্রাইকারের বিরুদ্ধে খেলতে ভাল লাগে।'

চলতি আইএসএলে সবচেয়ে কম গোল হজম করেছে মোহনবাগান। সেটারও উল্লেখ করেন বাগানের ডিফেন্ডার। গত কয়েক ম্যাচে জঘন্য ফুটবল খেলছে দল। কিন্তু বাগান ডিফেন্ডারের দাবি, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলাই মোটিভেশন। অ্যালবার্তো বলেন, 'ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি সবসময় মোটিভেশন। আমরা ম্যাচটা উপভোগ করার চেষ্টা করব। কোনও চাপ নেব না। আমরা মোহনবাগান। আমাদের সব ম্যাচ জিততে হবে। রবিবার আরও একটা ফাইনাল খেলতে নামব আমরা।' গতবছর গোলের মধ্যে ছিলেন। নিয়মিত গোল পান। কিন্তু এবার শুধুমাত্র ডিফেন্ডারের ভূমিকায় দেখা যায়। স্কোরশিটে নাম নেই। তার দুটো কারণ দেখান অ্যালবার্তো। এক, এবার ছোট ফর্ম্যাটে হচ্ছে লিগ। গতবছর ম্যাচ বেশি ছিল। এছাড়াও অন্যান্য দলের বাকি ডিফেন্ডারদের তাঁকে নিয়ে কম ধারণা ছিল। তাই গোল করতে সুবিধা হয়। 

অন্যদিকে নিজের দ্বিতীয় কলকাতা ডার্বি খেলার জন্য উন্মুখ রশিদ। ম্যাচটা উপভোগ করতে চান। ঠাণ্ডা মাথায় ডার্বিতে নামতে চান। কারণ জানেন, এইধরনের ম্যাচ যেমন ট্যাকটিক্যাল, তেমনই স্নায়ুর। রবিবারের ডার্বি কি মূলত মাঝমাঠের? মুখোমুখি দুই এককালীন সতীর্থ মিগুয়েল এবং রবসন। মাঝমাঠ যার, ডার্বি তাঁর? তেমন মনে করছেন না লাল হলুদের মাঝমাঠের আরেক কাণ্ডারি। রশিদ বলেন, 'ম্যাচটা এগারো বনাম এগারোর। পুরো দলের লড়াই। নির্দিষ্ট কারোর ওপর নির্ভর করবে না। শুধুমাত্র মাঝমাঠের লড়াই নয়। সবাইকেই বাড়তি পরিশ্রম করতে হবে।'

ছন্দে নেই বাগানের ফরোয়ার্ড লাইন। কিন্তু বিষয়টিকে এইভাবে দেখতে চান না ইস্টবেঙ্গলের মিডিও। রশিদ বলেন, 'ওরা ফর্মে নেই ভাবলে ভুল হবে। আমরা নিজেদের নিয়ে ভাবছি। নিজেদের এবং দলের জন্য অবদান রাখতে চাই।' ডার্বিতে নামার আগে তুলনায় ভাল জায়গায় ইস্টবেঙ্গল। ড্র করলেই কেল্লাফতে। কিন্তু রশিদ জানিয়ে দিলেন, এক পয়েন্টের জন্য খেলবে না দল। ড্রয়ের কথা ভেবে নেতিবাচক পারফরম্যান্স দিতে চান না তাঁরা। খেতাব লক্ষ্য হলেও, দ্বিতীয় স্থানে শেষ করলেও মিলবে এএফসির ছাড়পত্র। রশিদ মেনে নিলেন রবিবারের ডার্বি খেতাব নির্ণায়ক ম্যাচ হওয়ায় অন্য মাত্রা যোগ করেছে।