আজকাল ওয়েবডেস্ক: প্রথমে পয়েন্ট নষ্ট করেছিল মোহনবাগান। দিনান্তে পয়েন্ট খোয়াল জামশেদপুরও।
ফলে শনিবার আইএসএলের লিগ তালিকায় ইস্টবেঙ্গলই শীর্ষে। যদিও ইস্টবেঙ্গল, মোহনবাগান ও জামশেদপুর--এই তিনটি দলেরই পয়েন্ট এখন ২১। তবে ইস্ট-মোহন ১০টি করে ম্যাচ খেলেছে। জামশেদপুরের ১২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে।
কলকাতার দুই বটবৃক্ষ ক্লাবের এখনও তিনটি করে ম্যাচ বাকি রয়েছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমান সমান পয়েন্টে হলেও গোলপার্থক্যে লাল-হলুদ এগিয়ে রয়েছে। সেই কারণেই পয়েন্ট তালিকায় শীর্ষে তারা।
এদিকে আজ গোয়ায় মোহনবাগান ও এফসি গোয়া ম্যাচ ১-১-এ শেষ হয়। অন্যদিকে বেঙ্গালুরু ১-০ গোলে হারিয়ে দেয় জামশেদপুরকে। বেঙ্গালুরুর হয়ে রায়ান উইলিয়ামস ৩৮ মিনিটে গোলটি করেন। সেই গোল আর শোধ করতে পারেনি জামশেদপুর। এই বেঙ্গালুরুর বিরুদ্ধে দশ জনের ইস্টবেঙ্গল মরণ কামড় দিয়ে ম্যাচ ড্র করেছিল। তার পর মুম্বইয়ে গিয়ে মুম্বই সিটিকে হারিয়ে এসেছে।
ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই খেতাব জিততে পারে। সোমবার লাল-হলুদের সামনে পাঞ্জাব। তার পর রয়েছে ডার্বি। অনেকেই মনে করছেন ইস্ট-মোহনের লড়াই আইএসএল খেতাবের দিকনির্দেশ করতে পারে। তবে ইস্টবেঙ্গলকে আগে সোমবারের পাঞ্জাব ম্যাচ জিততে হবে। সব মিলিয়ে দারুণ জায়গায় পৌঁছে গিয়েছে এবারের আইএসএল।
গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে অস্কার ব্রজোঁ জানিয়ে দিয়েছেন পরের মরশুমে তিনি আর ইস্টবেঙ্গলে থাকবেন না। এখনও পর্যন্ত তাঁর দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করা হয়নি। অন্যদিকে বিনিয়োগকারী সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরের মরশুমের ফুটবল ক্যালেন্ডার ভাল করে দেখার পরই তারা দল চূড়ান্ত করবে। তবে এখন পরের মরশুমের কথা ভুলে সামনের দিকে তাকাতে চায় ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের খুব কাছে পৌঁছে গিয়েছে লাল-হলুদ।















