আজকাল ওয়েবডেস্ক: আইএসএলে মহামেডানের অবস্থা এমনিই খারাপ। লিগ টেবিলে পজিশন একদম নিচে। এখনও যা অবস্থা রেলিগেশনের মুখে পড়তে হবে কলকাতার এই ক্লাবকে।

এবার আরও বড় বিপদের মুখে পড়ল মহামেডান। জানা গিয়েছে, আইএসএলের মাঝেই দীর্ঘদিন ধরে বেতন না মেলায় এবার অনুশীলন বয়কট করেছেন ফুটবলাররা।

জানা গিয়েছে, স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচের পর অনুশীলনে ছুটি দিয়েছিলেন দলের কোচ মেহেরাজুদ্দিন ওয়াডু। তারপর শুক্রবার থেকে ফের অনুশীলনে নামার কথা ছিল মহামেডানের।

কিন্তু বেতন সমস্যায় ভুগতে থাকা ফুটবলাররা অনুশীলন বন্ধের সিদ্ধান্ত নেন। সূত্র মারফত জানা গিয়েছে, কমপক্ষে ৫-৬ মাস ধরে বেতন পাননি ফুটবলাররা। সেই ক্ষোভ থেকেই এদিন অনুশীলন বন্ধের সিদ্ধান্ত নেন ফুটবলাররা।

সবথেকে বড় কথা হল, এই ঘটনা ঘটল ঠিক মে দিবসের দিনেই. অর্থাৎ, যে দিনটিকে শ্রমিক দিবস হিসেবে ধরা হয়ে থাকে। এই দিনে যাঁরা চাকুরিজীবী তাঁদের জন্য এই দিবস পালন করা হয়ে থাকে।

আজ থেকে এক শতাব্দীরও বেশি সময় আগে, ১৯২৩ সালের ১ মে ভারতের মাটিতে প্রথমবার পালিত হয়েছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর এই ঐতিহাসিক ঘটনার নেপথ্যে ছিলেন এমন এক মানুষ, যাঁকে দক্ষিণ ভারতের প্রথম কমিউনিস্ট বলা হয়— মালয়পুরম সিঙ্গারাভেলু, যিনি পরিচিত ছিলেন 'সিঙ্গারাভেলার' নামে।

তবে মহামেডানে এই ধরনের ঘটনা প্রথম নয়। বেতন সংক্রান্ত সমস্যা আইএসএল খেলার আগেও ছিল। এই টুর্নামেন্টে যোগ দেওয়ার পরেই বেতন সমস্যায় কোচ আন্দ্রে চেরনিশভ ছেড়ে দিয়েছিলেন।

আইএসএল খেলার আগেও বারবার এই ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছিল। এবার ফের রেলিগেশন জোনে থাকাকালীন বেতন সংক্রান্ত সমস্যায় পড়ল মহামেডান।