আজকাল ওয়েবডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে ফিরতে পারেন মহম্মদ সামি।  ওয়ানডে  দলে সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন। 

আইপিএল ২০২৬ শেষ হওয়ার পর আগামী মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। 

ইতিমধ্যেই সূচি প্রকাশ হয়েছে, আর সেই সিরিজ ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ভারতীয় দলে সামির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে। 

ভারত ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি হবে ৬ থেকে ১০ জুন।

এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ ১৪ জুন ধর্মশালায়। দ্বিতীয় ওডিআই ১৭ জুন লখনউয়ে। সিরিজের শেষ ম্যাচ ২০ জুন চেন্নাইয়ে।

আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন সামি। শেষবার তিনি টেস্ট খেলেছিলেন ২০২৩ সালের জুনে।  সেটা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে।
চোট ও ফিটনেসজনিত কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন বঙ্গপেসার। শেষবার ভারতের জার্সিতে তাঁকে দেখা গিয়েছিল ২০২৫ সালের মার্চে। সেটা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হয়। 

যদিও নির্বাচকদের তরফে সামির ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তবে নিজে সেই দাবি অস্বীকার করেছেন ভারতীয় পেসার। 

গত বছর ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সও করেছিলেন তিনি।
অন্যদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জাতীয় দলে ফিরতে পারেন সঞ্জু স্যামসন।