আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজে ০-২ এ পিছিয়ে পড়েছে ভারত। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দল নিয়ে বড় প্রশ্ন তুললেন মহম্মদ কাইফ। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক এবং তিলক বর্মাকে তাঁর ডেপুটি করে নিয়ে অখুশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। নির্বাচকদের ওপর একরাশ ক্ষোভ উগরে দিলেন। দাবি, শ্রেয়স এবং তিলকের প্রথম একাদশে জায়গা নিশ্চিত নয়। কিন্তু তাসত্ত্বেও তাঁদের নেতৃত্বের ভূমিকা তুলে দেওয়া হয়েছে। তিলককে সহ অধিনায়ক নির্বাচিত করাকে '৫০-৫০ সিদ্ধান্ত' বলে দাবি করেন কাইফ। তিনি আরও দাবি করেন, এই দু'জনকে অধিনায়ক এবং সহ অধিনায়ক করায় সঞ্জু স্যামসনকে বাদ পড়তে হয়েছে।
কাইফ বলেন, 'এমন দু'জন প্লেয়ারকে অধিনায়ক এবং সহ অধিনায়ক করা হয়েছে, যাদের প্রত্যেক ম্যাচে দলে নিজেদের জায়গাই পাকা নয়। তিলক ৫০-৫০ সিদ্ধান্ত। ও ভাল খেলেছে। দলকে ম্যাচ জিতিয়েছে। সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু এদের নেতৃত্বে নিয়ে আসার অর্থ, আর দল থেকে বাদ দেওয়ার উপায় থাকবে না। সেই কারণে সঞ্জুকে ছেঁটে ফেলা হল।' ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, যারা শ্রেয়সকে অধিনায়ক করেছে, তাঁদের প্রশ্ন করা উচিত। তিনি মনে করেন, সরাসরি একজন ক্রিকেটারকে টি-২০ দলে ফিরিয়েই অধিনায়ক করে দেওয়া উচিত নয়। কাইফ বলেন, 'সঞ্জুকে বসিয়ে দেওয়া বড় সিদ্ধান্ত। পরিস্থিতি অন্যভাবে সামলাতে হত। শ্রেয়স আইয়ার অধিনায়ক না হলে, ওকে বলা যেত, তুমি ভাল খেলে দলে ফিরেছো, কিন্তু এইমুহূর্তে প্রথম একাদশে তোমার জায়গা নেই।'
কাইফ মনে করেন, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এবং সঞ্জু স্যামসনকে দলে অগ্রাধিকার দেওয়া উচিত। কাইফ বলেন, 'প্রথমেই এই তিনজনকে সুযোগ দিতে হবে। যারা এই সিদ্ধান্ত নিয়েছে, তাঁদের প্রশ্ন করা উচিত। আমার মনে হয় না আগে ভারতীয় ক্রিকেটে আগে এরকম হয়েছে। একজন যে টি-২০ দলের অঙ্গই না, তাঁকে সরাসরি অধিনায়ক করা হল।' চলতি টি-২০ সিরিজে শ্রেয়স আইয়ার ১১০ রান করেছে। তিলকের রান ৪০। বৃহস্পতিবার এই জুটির নেতৃত্বে নামবে টিম ইন্ডিয়া।















