আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং নিজের কোচিং নিয়ে বাড়তে থাকা সমালোচনার জবাব দিয়েছেন পাক হেড কোচ মাইক হেসন।
তাঁর দাবি, শুধু ভারতের বিরুদ্ধে ফলাফলের ভিত্তিতে পাকিস্তান দলের অগ্রগতি বিচার করা ঠিক নয়। বরং গত বছরের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচগুলো বাদ দিলে বাকি সব ম্যাচেই জয় তুলে নেওয়া পাকিস্তানের উন্নতির স্পষ্ট প্রমাণ।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে হেসন বলেন, পাকিস্তানের মূল্যায়ন সবসময়ই ভারতের বিরুদ্ধে পারফরম্যান্সকে কেন্দ্র করে হয়। তবে বর্তমানে ভারত বিশ্বের সেরা দল এবং অন্য যে কোনও দলের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে।
হেসনের ভাষায়, "সঠিক হোক বা ভুল, পাকিস্তানকে সবসময় ভারতের বিরুদ্ধে পারফরম্যান্স দিয়েই বিচার করা হয়। কিন্তু এই মুহূর্তে ভারত শুধু সেরা দলই নয়, অন্যদের থেকে কয়েক মাইল এগিয়ে।"
২০২৫ সালের এশিয়া কাপে পাকিস্তান তিনবার ভারতের মুখোমুখি হয়ে প্রতিটি ম্যাচেই হার মানে। গ্রুপ পর্ব, সুপার ফোর এবং ফাইনাল—তিনটি ম্যাচেই ভারতের কাছে পরাজিত হয় তারা। বিশেষ করে ফাইনালে ১১৩/১ থেকে ধসে পাকিস্তান অলআউট হয় মাত্র ১৪৬ রানে। পরে ভারত ১৯.৪ ওভারে লক্ষ্য তাড়া করে নবমবারের মতো এশিয়া কাপ জিতে নেয়।
তবে হেসনের মতে, ভারতের বিরুদ্ধে ব্যর্থতা দিয়ে পুরো দলের অগ্রগতি বিচার করা উচিত নয়। তিনি বলেন, বড় টুর্নামেন্ট জিততে হলে আগে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজে ধারাবাহিকভাবে জয় পাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সেই দিক থেকে পাকিস্তান সঠিক পথেই এগোচ্ছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান ভাল ক্রিকেট খেলেছে। সুপার এইটে ইংল্যান্ডের বিরুদ্ধে হ্যারি ব্রুকের দুর্দান্ত শতরান তাদের ছিটকে দেয়। ইংল্যান্ডের বিরুদ্ধে হার ছাড়া বাকি সব ম্যাচেই জয় পেয়েছিল পাকিস্তান।
হেসনের দাবি, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে যেখানে আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান নিয়মিত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিত, সেখানে এখন দলের জয়ের হার প্রায় ২০ শতাংশ থেকে বেড়ে ৭৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। তাঁর মতে, কোনও দল এক লাফে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে উঠতে পারে না। ধাপে ধাপেই উন্নতি করতে হয়।
হেসনের অধীনে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে। দলটি দুটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে এবং সর্বশেষ ছ'টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজের মধ্যে মাত্র একটিতে হেরেছে।
তবে ভারতের বিরুদ্ধে বড় মঞ্চে সাফল্যের অভাব এখনও পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরে সেই মানসিক বাধা কাটিয়ে উঠতে না পারায় ভারতের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে দলটি।
















