আজকাল ওয়েবডেস্ক: ব্যর্থতার সময়ে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে যেন অক্সিজেনের ছোঁয়া। রিপোর্ট অনুয়ায়ী কলকাতার তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিন ফের বোলিং করতে চলেছেন। 

ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, গ্রিনকে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বোলিং করতে দেখা যাবে। এটি কলকাতার জন্য ভাল খবর। কেকেআর ম্যানেজমেন্ট এবং ভক্তরা আশায় রয়েছেন কবে বোলিং শুরু করবেন গ্রিন। 

প্রথম তিনটি ম্যাচ থেকে কলকাতা মাত্র এক পয়েন্ট জোগাড় করেছে। ইডেনে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির জন্য। এই তিনটি ম্যাচেই ব্যর্থ হন গ্রিন।  তাঁকে নিয়ে চলছিল চর্চা। চলছিল সমালোচনা। অনেকেই বলেন, গ্রিনকে প্রথম একাদশে রাখাই উচিত নয়। এই প্রেক্ষিতে গ্রিনকে নিয়ে নতুন খবর, লখনউয়ের বিরুদ্ধে বল করবেন অজি তারকা। 

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য দেরিতে বোলিং শুরু করেন গ্রিন। মুম্বই ম্যাচের পরে কেকেআর ক্যাপ্টেন অজিঙ্কে রাহানে জানিয়েছিলেন যে গ্রিন কখন বোলিংয়ে ফিরবেন তা সম্পূর্ণভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার উপরে নির্ভর করছে। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অবশেষে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রয়োজনীয় মেডিক্যাল ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছেন। 

 বোলিং করবেন গ্রিন এটা বড় খবর কেকেআরের কাছে। কলকাতার বোলিংয়ে এখন রক্তাল্পতা। টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কবলে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা, আকাশদীপের মতো তারকা বোলার। পাথিরানা কবে আসবেন কেউ জানেন না। এই পরিস্থিতিতে গ্রিনও বোলিং করতে পারছেন না। ফলে বোলিং নিয়ে দুর্বলতায় ভুগছে কেকেআর। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর মতো রহস্য স্পিনাররাও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সব মিলিয়ে কেকেআর ধাক্কা খাচ্ছে প্রায় প্রতিটি ম্যাচে। তবে লখনউ ম্যাচ থেকেই হয়তো কলকাতার চাকা ঘুরবে। নাইট সমর্থকরা তেমনটাই মনে করতে শুরু করেছেন। বাকিটা দেখা যাবে মাঠে।