আজকাল ওয়েবডেস্ক:‌ জল্পনা তুঙ্গে। নীরজ চোপড়ার সঙ্গে বিয়ে হতে চলেছে মানু ভাকেরের?‌ প্রথম জন টোকিওতে জ্যাভলিনে সোনা পাওয়ার পর প্যারিস অলিম্পিকে রুপো পেয়েছেন। আর মানু পিস্তল শুটিংয়ে জোড়া ব্রোঞ্জ পেয়েছেন। 


প্যারিস অলিম্পিকের শেষে একটি ইভেন্টে গিয়েছিলেন নীরজ চোপড়া। ওই ইভেন্টে মানু ও তাঁর মা ছিলেন। বেশ অনেকক্ষণ তিন জনকে একান্তে কথা বলতে দেখা যায়। এই দৃশ্য অনেকেরই নজরে পড়েছিল। তারপরেই জল্পনা ছড়িয়ে পড়ে, নীরজ–মানুর বিয়ের কার্ড শীঘ্রই ছাপতে চলেছে। কিন্তু এই জল্পনায় জল ঢেলে দিয়েছেন মানুর বাবা রাম কিষান। তিনি বলেছেন, ‘‌মানু খুবই ছোট। এখনও বিয়ের বয়সই হয়নি। এখন মেয়ের বিয়ে নিয়ে কোনও পরিকল্পনাও নেই।’‌ 


এমনকী মানুর বাবা এটাও বলেছেন, ‘‌আমার স্ত্রী নীরজকে নিজের সন্তানের মতো দেখে।’‌ এদিকে নীরজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাঁর কাকাও। বলেছেন, ‘‌নীরজ সদ্য পদক জিতল। গোটা দেশ তা জানে। ঠিক তেমনই নীরজ যখন বিয়ে করবে, সেটাও সবাই জানতে পারবে।’‌