আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মানোলো মার্কেজ। ভারতীয় ফুটবলের প্রশাসনিক অব্যবস্থাকে তিনি 'সম্পূর্ণ বিপর্যয়' বলে আখ্যা দিয়েছেন।
একই সঙ্গে আইএসএলের ভবিষ্যৎ নিয়েও বড়সড় অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন এফসি গোয়ার প্রধান কোচ।
বর্তমানে ভারতীয় ফুটবলে সূচি জট, কমে যাওয়া ম্যাচ সংখ্যা, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং সম্প্রচার স্বত্ব নিয়ে ধোঁয়াশার কারণে ক্লাব, ফুটবলার ও কোচদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এই পরিস্থিতিতে কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মার্কেজ বলেন, ''আমি অন্য সংস্কৃতি ও দেশের মানুষ, তাই আমি যা চাই বলতে পারি। কিন্তু এখানে ফুটবল নিয়ে কেউ স্পষ্ট করে কথা বলে না। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যয়।''
তিনি আরও বলেন, ''এফসি গোয়া বা যে দল আইএসএল জিতবে, তাদের তিন মাসেরও কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু প্লে-অফ খেলতে হবে। অথচ দুই মাসেরও কম সময়ের মধ্যে প্রি-সিজন শুরু হওয়ার কথা থাকলেও কেউ জানে না ভবিষ্যতে কী হতে চলেছে।''
এই মরশুমে আইএসএল-এর সূচিতে বড় পরিবর্তন এসেছে। ২০২৪-২৫ মরশুমে যেখানে ১৬৩টি ম্যাচ হয়েছিল, সেখানে এবার ম্যাচ সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ৯১।
জানা গিয়েছে, সম্প্রচার স্বত্ব ও বাণিজ্যিক আগ্রহ কমে যাওয়ার কারণেই এই পুনর্গঠন করা হয়েছে। ফলে লিগের আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠছে।
এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে ফুটবলার ও ক্লাবগুলির উপরেও। একাধিক খেলোয়াড় ও কোচের চুক্তির মেয়াদ শেষের পথে, কিন্তু পরবর্তী মরশুম নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় দল গঠন ও প্রি-সিজনের প্রস্তুতিতেও সমস্যা তৈরি হয়েছে।
ভারতে ছ'মরশুম কাটানো মার্কেজ জানিয়েছেন, এটাই স্পেনের বাইরে তাঁর দীর্ঘতম কোচিং অধ্যায়। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতে নিজের ভবিষ্যৎ নিয়েও তিনি নিশ্চিত নন। তাঁর কথায়,''আমি এখনই সরাসরি না বলতে চাই না, কারণ শেষ মুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি জিজ্ঞাসা করেন, ভারতে আমার ভবিষ্যৎ খুব পরিষ্কার দেখছি না।''














