আজকাল ওয়েবডেস্ক: নতুন মরশুমে স্থায়ী ম্যানেজার হিসেবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব পেতে চলেছেন মাইকেল ক্যারিক। ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তর্বর্তী কোচ হিসেবে সফল পারফরম্যান্সের পর তাঁকে দু’বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

সেই চুক্তিতে আরও এক বছরের মেয়াদ বাড়ানোর অপশনও রাখা হয়েছে। গত জানুয়ারিতে দলের খারাপ ফলাফলের জেরে বরখাস্ত হন প্রাক্তন কোচ রুবেন আমোরিম। তাঁর বিদায়ের সময় প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে ছিল ইউনাইটেড।

তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের পারফরম্যান্সে আমূল পরিবর্তন আনেন ক্যারিক। তাঁর অধীনে ১৫টি লিগ ম্যাচের মধ্যে ১০টিতে জয় পেয়েছে ম্যান ইউ। ফলে বর্তমানে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

পাশাপাশি আগামী মরশুমের জন্য চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতাও নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাব। সূত্রের খবর, রবিবার নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ম্যাচের আগেই ক্যারিকের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চাইছে ইউনাইটেড কর্তৃপক্ষ। ন

তুন মরশুমে দল গঠনের প্রস্তুতির কথা মাথায় রেখেই দ্রুত সিদ্ধান্ত নিতে আগ্রহী ক্লাব। তবে শুক্রবার সাংবাদিক বৈঠকে নিজের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি মুখ খোলেননি ক্যারিক। তিনি বলেন, ‘এখনও দু’টি ম্যাচ বাকি রয়েছে। তার বাইরে এই মুহূর্তে বিশেষ কিছু বলার নেই। পরিস্থিতি সবার কাছেই পরিষ্কার।’

নিজের পুরনো ক্লাবে ফিরে আসা নিয়ে আবেগপ্রবণ শোনায় ক্যারিককে। তিনি বলেন, ‘ম্যান ইউ আমার কাছে স্পেশাল। রেড ডেভিলসের সমর্থক এবং প্রাক্তন ফুটবলার হিসেবে এখানে ফিরে এসে সাহায্য করতে পারাটা গর্বের। দলকে আবার চ্যাম্পিয়ন্স লিগে ফেরানোটা বড় পদক্ষেপ।’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রধান কার্যকর্তা ওমরা বেরাডা এবং ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স ক্যারিককে পার্মানেন্ট কোচ করার পক্ষেই রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে রবিবারের ম্যাচের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলেও জানিয়েছেন ক্যারিক।

তাঁর কথায়, ‘সমর্থকরাই এই ক্লাবের সবচেয়ে বড় শক্তি। গত চার মাসে ওঁদের সমর্থন আমরা প্রত্যেকে অনুভব করেছি।’ এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন ক্যাসেমিরো।

ফলে ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর শেষ ম্যাচ খেলার সম্ভাবনাও জোরালো হয়েছে। ক্যারিক বলেন, ‘ক্যাসেমিরো শুরু থেকেই আমাদের জন্য দারুণ গুরুত্বপূর্ণ ছিল। কঠিন সময় পেরিয়েও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।’