আজকাল ওয়েবডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে মাইকেল ক্যারিককেই পার্মানেন্ট হেড কোচ হিসেবে নিয়োগ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্লাবের তরফে জানানো হয়েছে, ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড মিডফিল্ডার।

চলতি মরশুমে দুর্দান্ত প্রত্যাবর্তনের নেপথ্যে বড় ভূমিকা ছিল ক্যারিকের। তাঁর কোচিংয়েই প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে শেষ করে আগামী মরশুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ইউনাইটেড।

এর আগে পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পান মাইকেল ক্যারিক। তারপর থেকেই বদলে যায় দলের পারফরম্যান্স।

তাঁর অধীনে ১৬ ম্যাচে ১১টি জয়, ৩টি ড্র এবং মাত্র ২টি হার রয়েছে ইউনাইটেডের। এই সময়ে ম্যাঞ্চেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল, চেলসির মতো প্রিমিয়ার লিগের হেভিওয়েট দলগুলিকেও হারিয়েছে রেড ডেভিলস।

ক্লাবের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে ঘোষণা করা হচ্ছে, মাইকেল ক্যারিক সিনিয়র দলের হেড কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। তিনি ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তিতে সই করেছেন।’

চলতি বছরের জানুয়ারিতে ইউনাইটেডে কোচ হিসেবে ফিরে আসেন ক্যারিক। দায়িত্ব নেওয়ার পর প্রথম দু’টি ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ও আর্সেনালের বিরুদ্ধে জয়ের সুবাদে তিনি প্রিমিয়ার লিগের ‘ম্যানেজার অফ দ্য মান্থ’ পুরস্কারও পান।

প্রতিক্রিয়ায় ক্যারিক বলেন, ‘২০ বছর আগে যখন প্রথম এই ক্লাবে এসেছিলাম, তখন থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই বিশেষ আবহ অনুভব করেছি। এই ক্লাবকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আমার কাছে অত্যন্ত গর্বের।’

তিনি আরও বলেন, ‘গত পাঁচ মাসে এই দল প্রমাণ করেছে যে তারা লড়াই করতে পারে। এবার নতুন লক্ষ্য ও নতুন উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার সময়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং সমর্থকরা আবার বড় ট্রফির লড়াই দেখার যোগ্য।’

উল্লেখ্য, ফুটবলার হিসেবে ইউনাইটেডের হয়ে ৪৬৪টি ম্যাচ খেলেছেন ক্যারিক। তাঁর ঝুলিতে রয়েছে পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ইউরোপা লিগ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। নতুন দায়িত্ব পাওয়ার পর মরশুমের শেষ ম্যাচে আগামী ২৪ মে ব্রাইটনের বিরুদ্ধে মাঠে নামবে ইউনাইটেড।