আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালে আইপিএল জিতেছিলেন বিরাট কোহলি। ২০২৪ ও ২০২৬ সালে মেয়েদের আইপিএলও জিতেছে আরসিবি। সেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিক্রি হওয়া প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে, আরসিবি কিনতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধার আব্রাম গ্লেজার।
প্রসঙ্গত, আরসিরি কেনার জন্য ১.৮ বিলিয়ন ডলার বা প্রায় ১৬,৩০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছেন গ্লেজার। আর গ্লেজার পরিবারের মূল ব্যবসা ল্যান্সার ক্যাপিটালের নামে দরপত্র দেওয়া হয়েছে। সূত্রের খবর, জমা পড়া দরপত্রগুলির মধ্যে গ্লেজারদের দেওয়ার দামই সর্বোচ্চ। আগ্রহী ক্রেতাদের মধ্যে থেকে বেছে নিয়ে একটি সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অন্যতম কর্ণধারের সংস্থাও।
একাই আরসিবি কেনার আগ্রহ প্রকাশ করেছেন গ্লেজার। অন্য কোনও ব্যক্তি বা সংস্থার সঙ্গে জোট করেননি। আইপিএলের দলটির একক মালিকানা চান তিনি। সে কারণে তাঁর সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। প্রায় এক দশক ধরে বিশ্বের অন্যতম বিত্তবান ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টারের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তাঁর পক্ষে যেতে পারে। সেক্ষেত্রে আরসিবি এক মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি হতে পারে।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরশাহির আইএল টি–২০–র দল ‘ডেজার্ট ভাইপার’–এর মালিকও তিনি।
প্রসঙ্গত, উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে ইতিহাস গড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শিরোপা নির্ধারণী ম্যাচে ২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে দু’বল এবং ছ’উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় আরসিবি।
টপ অর্ডারে স্মৃতি মান্ধানা ও জর্জিয়া ভল অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নেন। তাঁদের ১৬৫ রানের জুটিতেই ফের একবার উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে হার মানতে হয় দিল্লিকে।
স্মৃতিরা চ্যাম্পিয়ন হতেই আবেগঘন বার্তা লিখে ফেলেন বিরাট কোহলি। ইনস্টাগ্রামে বিরাট লিখেছিলেন, ‘আবারও চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা সকলের উপরে উড়ছে। এটা নিয়ে তোমরা সকলেই গর্ব করতে পারো। স্মৃতি, পুরো টিম, সকলকে এই দুরন্ত জয়ের জন্য অনেক অভিনন্দন জানাই। এই জয়টা তোমাদের প্রাপ্য। চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা উপভোগ করো। ভক্তরাও খুবই ভালবাসেন আমাদের, সেটাও গ্রহণ করো।’
















