আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকে শুরু হবে শ্রেয়স যুগ। কিন্তু স্পটলাইটে বৈভব সূর্যবংশী। স্টর্মন্তের সিভিল সার্ভিস ক্রিকেট গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ। তিন বছর পর আইরিশদের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই সিরিজের কেন্দ্রবিন্দুতে ১৫ বছরের এক তরুণ। আইপিএলে স্ট্রোক প্লে দিয়ে গোটা বিশ্বের নজর কেড়েছেন বাঁ হাতি। শুক্রবার ভারতের সিনিয়র দলের হয়ে অভিষেক হতে চলেছে বৈভবের। তার জন্য আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারই মধ্যে পরিবর্তন হয়ে গেল ভারত-আয়ারল্যান্ড ম্যাচের সময়।
একঘণ্টা এগিয়ে এল খেলার সময়। ভারতীয় সময় সন্ধে ৬ টায় শুরু হবে ম্যাচ। যা স্থানীয় সময়ে দুপুর দেড়টা। আগে ভারতীয় সময় সন্ধে ৭ টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কেন হঠাৎ এগিয়ে আনা হল ম্যাচের সময়? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের সঙ্গে একই সময় যাতে খেলা না পড়ে যায়, সেই কারণেই সময় পরিবর্তন করা হয়। ভারত-আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ রবিবার। সেই কারণেই দুটো ম্যাচেরই সময় বদলে দেওয়া হয়। সোনি স্পোর্টস টেন ১ এসডি এবং এইচডি, সোনি স্পোর্টস টেন ৫ এসডি এবং এইচডিতে খেলা দেখা যাবে। সোনি লিভ নিজেদের ওয়েবসাইট এবং অ্যাপে ম্যাচের লাইভ স্ট্রিমিং করবে। রাত পোহালেই এক নতুন ইতিহাসের সাক্ষী থাকবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।















