আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা খেল নেপালের ফুটবল ফেডারেশন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ এবং ফিফার নিয়ম ভঙ্গের অভিযোগে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA)-কে সাসপেন্ড করল ফিফা।
বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা-র কাউন্সিল ব্যুরো জানিয়েছে, ফিফা স্ট্যাটিউটের ১৪ নম্বর ধারার ১(i) এবং ৩ নম্বর উপধারা অনুযায়ী ANFA-র বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী কোনও দেশের ফুটবল সংস্থাকে রাজনৈতিক বা বাইরের কোনও প্রভাব থেকে স্বাধীন থাকতে হয়। সেই নিয়মের ‘গুরুতর লঙ্ঘন’-এর কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই সাসপেনশনের ফলে ফিফা-র সদস্য হিসেবে নেপালের ফুটবল ফেডারেশনের সমস্ত অধিকার আপাতত স্থগিত হয়েছে। এর জেরে নেপালের জাতীয় দল এবং ক্লাব দলগুলি ফিফা এবং এএফসির অধীনে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
পাশাপাশি ফিফার উন্নয়নমূলক অনুদান, প্রশিক্ষণ কর্মসূচি এবং বিভিন্ন শিক্ষামূলক প্রকল্প থেকেও বঞ্চিত হবে নেপাল। ফিফার তরফে বিশ্বের সমস্ত সদস্য ফুটবল সংস্থাকে নেপালের সঙ্গে কোনও ধরনের ফুটবল সংক্রান্ত সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যতদিন না পর্যন্ত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে।
নেপালের ফুটবলে দীর্ঘদিন ধরে প্রশাসনিক সমস্যা ও পরিচালনাগত বিরোধ চলছিল। এর আগে নেপালের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকে তিন মাসের জন্য সাময়িকভাবে সাসপেন্ড করেছিল, পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
ফিফা জানিয়েছে, কোনও সদস্য সংস্থার আধিকারিকদের অনিয়ম, অবহেলা বা থার্ড পার্টির হস্তক্ষেপের কারণে তৈরি পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট সংস্থাকেই দায় নিতে হবে। ফুটবল প্রশাসনে রাজনৈতিক বা বাইরের নিয়ন্ত্রণের বিরুদ্ধে ফিফা-র কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
তবে ফিফা জানিয়েছে, নেপালের ফুটবল ফেডারেশন যদি দ্রুত প্রশাসনিক সমস্যা সমাধান করে এবং ফিফা-র নিয়ম মেনে সংস্থার স্বাধীনতা নিশ্চিত করতে পারে, তাহলে পরবর্তী ফিফা কংগ্রেসের আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার এই সিদ্ধান্তে বিশ্বকাপের মাঝেই আন্তর্জাতিক ফুটবল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ল নেপাল। এই পরিস্থিতি দেশের ঘরোয়া ফুটবলের বিকাশ এবং প্রতিযোগিতার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।















